মানিকগঞ্জের সিংগাইরে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুাখি সংঘর্ষের ঘটনা ঘটেছ। এতে দুজন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও দুজন।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে সিংগাইর পৌরসভার বাসস্ট্যান্ড সংলগ্ন প্রশিকা সড়কের মাথায় এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন সিংগাইর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আমিনুল ইসলাম।
নিহতরা হলেন, মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার নিলুয়া গ্রামের পরশ উদ্দিনের ছেলে আব্দুল মান্নান (২৩) এবং হরিরামপুর উপজেলায় কৌরি ঝিটকা গ্রামের মৃত শেরজন আলী মোল্লার ছেলে মনির হোসেন (৬০)।
আহতরা হলেন, মানিকগঞ্জ সদর উপজেলার দক্ষিণ সেওতা গ্রামের আবুল হোসেনের ছেলে মহসিন (৩২) এবং পাবনার সাথিয়া থানার পাটগাড়ি গ্রামের মৃত আফাজউদ্দিনের ছেলে শাহজাহান আলী (৬০)।
জানা গেছে, বৃহস্পতিবার সকালে মানিকগঞ্জগামী একটি মালবাহী ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিহত হন মান্নান ও মনির। অপর দুই যাত্রী গুরুতর আহত হয়েছে। পরে স্থানীয়রা আহত ও নিহতদের উদ্ধার করে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। সেখানে কর্তব্যরত চিকিৎসক মান্নান ও মনিরকে মৃত ঘোষণা করেন।
সিংগাইর থানার ওসি জে ও এম তৌফিক আজম জানান, সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত ও দুইজন আহত হয়েছে। ট্রাক ও সিএনজি অটোরিকশা জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
