হত্যা মামলায় আনিসুল রিমান্ডে, এনামুরকে দেখানো হলো গ্রেপ্তার

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১৪:১২

জুলাই আন্দোলনের সময় ঢাকার আশুলিয়ায় সবজি ব্যবসায়ী মো. শাহাবুল ইসলাম শাওন হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে জিজ্ঞাসাবাদের জন্য চার দিনের রিমান্ড পাঠিয়েছে আদালত।

এছাড়া একই থানার শাকিল আনোয়ার হত্যা মামলায় সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমানকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকালে শুনানি শেষে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. তাজুল ইসলাম সোহাগের আদালত এ আদেশ দেন।

শাওন হত্যা মামলায় তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক মো. খাজা গোলাম কিবরিয়া গত ২৬ জুলাই আনিসুল হককে সাত দিনের রিমান্ডে চেয়ে আবেদন করেন।

আর শাকিল হত্যা মামলায় ডা. এনামকে ২ সেপ্টেম্বর গ্রেপ্তার দেখানোর আবেদন করেন তদন্ত কর্মকর্তা আশুলিয়া থানার উপপরিদর্শক মো. নজরুল ইসলাম।

আদালত আসামিদের উপস্থিতিতে শুনানির জন্য বৃহস্পতিবার দিন ধার্য করেছিল। সে অনুযায়ী এদিন তাদের আদালতে হাজির করা হয়।

প্রসিকিউশন পুলিশের পরিদর্শক হারুন অর রশিদ বলেন, ‘আনিসুল হকের পক্ষে তার আইনজীবী রিমান্ডের বিরোধিতা করে জামিনের আবেদন করেন। আমরা এর বিরোধিতা করি।

আর ডা. এনামুর রহমানকে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়। আদালত আনিসুল হককে চার দিনের রিমান্ডে দিয়েছেন, আর ডা. এনামুর রহমানকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন।’

শাওন হত্যা মামলার বিবরণে বলা হয়েছে, শাহাবুল ইসলাম শাওনআশুলিয়া থানা এলাকায় ভ্যানগাড়িতে করে সবজি বিক্রি করতেন। জুলাই আন্দোলন চলাকালে ৪ অগাস্ট তিনি এ আন্দোলনে অংশ নেন।

আশুলিয়া বাইপাইল মোড়ে আরএমএসটি বিল্ডিংয়ের পাশে আসামিদের ছোড়া গুলি লাগে শাওনের গায়ে। সেখানেই তার মৃত্যু হয়।

এ ঘটনায় তার বড় ভাই মো. তৌহিদুল মিয়া আশুলিয়া থানায় ১৮ জনের নাম উল্লেখ করে আরও ৩০০/৪০০ জনকে অজ্ঞাতনামা আসামি করে এ মামলা দায়ের করেন।

শাকিল হত্যা মামলার নথিতে বলা হয়েছে, গত বছরের ৫ অগাস্ট আশুলিয়ার বাইপাইল ওভারব্রিজ এলাকায় জুলাই আন্দোলেনে যোগ দেন শাকিল আনোয়ার।

সেদিন দুপুর আড়াইটার দিকে গুলিবিদ্ধ হন তিনি। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় তার স্ত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৮৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

ইত্তেফাক/পিএস