ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় রামপুর ইউনিয়নের বীররামপুর ভাটপাড়ায় বৃহস্পতিবার দুপুরে স্পিড ব্রেকার স্থাপনের দাবিতে ত্রিশাল থেকে বালিপাড়া সড়ক অবরোধ করেন স্থানীয় গার্মেন্টস শ্রমিকরা। নারী-পুরুষসহ প্রায় হাজার খানেক শ্রমিক এই কর্মসূচিতে অংশ নেন। সড়ক অবরোধের ফলে ওই এলাকায় যান চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটে।
শ্রমিকরা জানান, প্রতিদিন ওই সড়কে দ্রুতগামী যানবাহনের কারণে নানান রকম দুর্ঘটনা ঘটে। বহুবার প্রশাসন ও সংশ্লিষ্টদের কাছে স্পিড ব্রেকার স্থাপনের দাবি জানানো হলেও কোনো প্রতিকার মেলেনি। তাই বাধ্য হয়ে তারা আজ এই কর্মসূচি পালন করেছেন।
জেওসি গার্মেন্টসের ম্যানেজিং ডরিক্টের সুসিং বলনে, আমরা স্থানীয় ইউপি সদস্যসহ প্রশাসনরে কাছে বারবার বলেছি কিন্তু এর কোন প্রতিকার পাইনি।
শ্রমিক মোজাম্মেল জানান, আমাদের জীবন নিরাপদ নয়। প্রতিদিন ঝুঁকি নিয়ে কাজে আসতে হয়। সড়ক দুর্ঘটনায় বহু সহকর্মী আহত হয়েছেন। এ অবস্থায় আমাদের কোনো উপায় ছিল না।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল বাকিউল বারী বলেন, হাইওয়ে রোডে স্পিড ব্রেকার ঝুঁকিপূর্ন। এখানে গার্মেন্টসের শতশত শ্রমিকের আনাগোনা। তাই দ্রুত স্পিড ব্রেকার স্থাপনের পদক্ষেপ নেব।
প্রশাসনের আশ্বাসে কিছুক্ষণ পর শ্রমিকরা সড়ক অবরোধ তুলে নেন এবং যান চলাচল স্বাভাবিক হয়।
