ভারতের অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়া বিমানবন্দরে রানওয়ে থেকে উড্ডয়নের আগ মুহূর্তে বার্ড স্ট্রাইক-এর মুখে পড়েছে একটি বিমান। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) এ ঘটনার পর বেঙ্গালুরুগামী এয়ার ইন্ডিয়ার ফ্লাইটটি বাতিল করা হয়েছে।
ইন্ডিয়ান এক্সপ্রেসের খবর অনুসারে, বিমান সংস্থাটির কর্মকর্তা জানিয়েছেন, উড্ডয়নের জন্য রানওয়েতে চলার সময় 'একটি ঈগল বিমানের নাকে ধাক্কা খেয়েছে'। ফলস্বরূপ ৯০ জন যাত্রীর জন্য বিকল্প ব্যবস্থা করতে হয়।
এক বিবৃতিতে এয়ার ইন্ডিয়া বলেছে, বিজয়ওয়াড়া-বেঙ্গালুরু ফ্লাইট পরিচালনার জন্য নির্ধারিত বিমানটি অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়া বিমানবন্দরে সন্দেহজনকভাবে পাখির সাথে ধাক্কা খেয়েছে। এর ফলে পরিষেবা বাতিল করা হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, বিমান সংস্থার নিয়ন্ত্রণের বাইরে থাকা এমন পরিস্থিতির কারণে সৃষ্ট অসুবিধার জন্য আমরা দুঃখিত। সমস্ত ক্ষতিগ্রস্তদের বিনামূল্যে ফ্লাইট পুনঃনির্ধারণ বা সম্পূর্ণ অর্থ ফেরতসহ বিকল্প ব্যবস্থা করা হয়েছে।

