সিলেটে বিপুল পরিমান ভারতীয় বিড়ি জব্দ

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৪১

সিলেটের উসমানীনগর থেকে  আমদানি নিষিদ্ধ বিপুল পরিমাণ পাতার বিড়ি জব্দ করেছে র‌্যাব। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে র‌্যাব-৯। 

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯ এর একটি অভিযানিক দল মৌলভীবাজার সদরের শেরপুর হাইওয়ে এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করে। এ সময় জানা যায়, সিলেট জেলার ওসমানীনগর থানাধীন গোয়ালাবাজার পূর্বপট্রি এলাকার একটি গোডাউনে আমদানি নিষিদ্ধ পাতার বিড়ি রয়েছে। 

পরে র‌্যারের একটি আভিযানিক দল বিকালে ঘটনাস্থলে পৌছে সুব্রতকর নামক এক ব্যাক্তিকে আটক করে। পরবর্তীতে আটককৃত ব্যাক্তিকে জিজ্ঞাসাবাদে কোন সন্তোসজনক জবাব দিতে না পারায় উপস্থিত সাক্ষীদের উপস্থিতিতে তার দেখানো মতে গোডাউন ঘরে তল্লাশি করে ৮ লাখ ৭ হাজার ৫০০ শলাকা ভারতীয় আমদানি নিষিদ্ধ পাতার বিড়ি উদ্ধার করে। 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে আসামি ও জব্দকৃত আলামত সিলেট জেলার ওসমানীনগর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ছাড়াও দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যাব-৯, সিলেট এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।

ইত্তেফাক/কেএইচ