ডাকসু নির্বাচন

সাইবার বুলিং আতঙ্কে প্রার্থীরা

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৩০

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন ঘিরে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। প্রার্থীরাও ব্যস্ত প্রচারণায়। গতকাল বৃহস্পতিবার ১৪ দফা ইশতেহার ঘোষণা করেছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের প্যানেল। স্বতন্ত্র প্যানেল ‘সমন্বিত শিক্ষার্থী সংসদ’ও তাদের ইশতেহার ঘোষণা করেছে। এছাড়া ডাকসু নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করার জন্য শিক্ষকদের নিয়ে একটি স্বতন্ত্র পর্যবেক্ষক টিম গঠন করার কথা জানিয়েছে নির্বাচন কমিশন।

জানা গেছে, ক্যাম্পাসে নির্বাচনি প্রচারণার মাঠ যতটা সরব, অনলাইন বা সোশ্যাল মিডিয়ার পরিবেশ ততটাই উদ্বেগজনক। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে প্রার্থীদের বিরুদ্ধে ছড়ানো হচ্ছে অপতথ্য। ইনবক্সে পাঠানো হচ্ছে নানা অরুচিকর মন্তব্য ও হুমকি। বিশেষ করে নারী প্রার্থীরা অনলাইন প্ল্যাটফরমে বিপজ্জনক পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন। ভুয়া অ্যাকাউন্ট, কটূক্তি এবং অপপ্রচারের ঢেউ তাদের মানসিক নিরাপত্তা হুমকির মুখে ফেলেছে এবং ভোটের লড়াইকে করেছে আরো জটিল। কখনো তা ধর্মীয়, কখনো রাজনৈতিক, আবার কখনো ব্যক্তিগত আক্রমণের আকারে প্রকাশ পাচ্ছে।

নির্বাচনে নতুনভাবে যুক্ত হয়েছে বট আক্রমণ। ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট থেকে প্রার্থীদের ছবি বিকৃত করা, মিম তৈরি এবং মিথ্যা তথ্য ছড়ানোর ঘটনা বেড়েই চলছে। ভুয়া অ্যাকাউন্টগুলো কে বা কারা পরিচালনা করছেন, সেটা নিয়েও রয়েছে ধোঁয়াশা। কেউ কেউ মনে করছেন, বিপক্ষ প্রার্থীদের ধরাশায়ী করতে এমন পথ বেছে নেওয়া হচ্ছে। ক্রিয়াশীল ছাত্রসংগঠনগুলোও এটি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।

পরিস্থিতি সামাল দিতে গত ২৪ আগস্ট বিশ্ববিদ্যালয় প্রশাসন বিটিআরসিকে চিঠি দিয়ে কয়েকটি ফেসবুক পেজ বন্ধের অনুরোধ জানিয়েছে। এতে ‘ঢাকা বিশ্ববিদ্যালয় নিরাপত্তা মঞ্চ’, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ-১’ ও ‘ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ-২’সহ আরো কয়েকটি চিহ্নিত অনলাইন পেজ অনতিবিলম্বে বন্ধ করে আগামী ১০ সেপ্টেম্বর পর্যন্ত তা বলবত্ রাখার অনুরোধ জানানো হয়েছে।

এছাড়া গতকাল বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ডাকসু ও হল সংসদ নির্বাচনে প্রার্থীদের প্রচারণাকালে কোনো কোনো ক্ষেত্রে প্রার্থীদের অতীত কর্মকাণ্ড নিয়ে সাইবার বুলিং এবং ব্যক্তিগত চরিত্রহননের চেষ্টা চালানো হচ্ছে। বিশেষত ছাত্রী প্রার্থীদের নিয়ে নানাভাবে সাইবার বুলিংয়ের ঘটনা ঘটছে। যা মানবাধিকার পরিপন্থি। কারো বিরুদ্ধে এমন অভিযোগ প্রমাণিত হলে রিটার্নিং কর্মকর্তা কর্তৃক গঠিত ডাকসু আচরণবিধিসংক্রান্ত টাস্কফোর্স এবং সাইবার নিয়ন্ত্রণ সেলের মাধ্যমে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথাও জানানো হয়েছে। প্রসঙ্গত, বি এম ফাহমিদা আলম নামের প্রার্থীকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ মন্তব্য করায় গত বুধবার এক শিক্ষার্থীকে ছয় মাসের জন্য বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

আচরণবিধিসংক্রান্ত টাস্কফোর্সের প্রধান অধ্যাপক গোলাম রব্বানী বলেন, সাইবার বুলিং এবারের নির্বাচনের সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। আমরা চেষ্টা করছি যেসব (ফেসবুক) পেজ থেকে বুলিং হচ্ছে, সেগুলো বন্ধ করার।  অভিযোগ পেলেই ব্যবস্থা নেওয়া হচ্ছে।

গঠিত হচ্ছে স্বতন্ত্র পর্যবেক্ষণ টিম :ডাকসু ও হল সংসদ নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করার জন্য শিক্ষকদের নিয়ে একটি স্বতন্ত্র পর্যবেক্ষক টিম গঠন করা হচ্ছে, এমনটিই জানিয়েছেন নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন। গতকাল বিকালে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে নিয়মিত ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

অধ্যাপক জসীম উদ্দিন বলেন, ভোটারদের অংশগ্রহণ নিশ্চিত করতে এবার প্রথম বারের মতো বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের চেয়ারম্যানদের কাছে চিঠি পাঠানো হয়েছে। ডাকসু নির্বাচনে শিক্ষার্থীদের সক্রিয় করতে তারা উদ্যোগী হবেন। বিশেষ করে এবার অধিকাংশ ভোটার নতুন, তাই তাদের ভোটদানে উত্সাহিত করতে পরিকল্পিতভাবে কাজ করা হচ্ছে।

ছাত্র অধিকার পরিষদের ইশতেহার ঘোষণা: বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের নির্বাচনি প্যানেল ‘ডাকসু ফর চেঞ্জ, ভোট ফর চেঞ্জ’ মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে তাদের ১৪ দফা ইশতেহার ঘোষণা করেছে। ভিপি প্রার্থী বিন ইয়ামিন মোল্লা এসময় ‘নো মোর ডার্টি পলিটিক্স, নো মোর ভায়োলেন্স’ ও ‘মেক দ্য ডাকসু ফর একাডেমিক এক্সিলেন্স’ স্লোগান সামনে রেখে ইশতেহার পাঠ করেন। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ে দখলদারিত্ব ও আধিপত্যবাদের রাজনীতি ফিরে আসতে দেওয়া হবে না।

‘সমন্বিত শিক্ষার্থী সংসদ’ প্যানেলের ইশতেহার ঘোষণা : ‘ডিইউ ফার্স্ট’ স্লোগানে ২৭ দফা ইশতেহার ঘোষণা করেছে স্বতন্ত্র প্যানেল ‘সমন্বিত শিক্ষার্থী সংসদ’। মধুর ক্যান্টিনে লিখিত ইশতেহার পাঠ করেন প্যানেলটির সহসভাপতি (ভিপি) প্রার্থী জামালুদ্দিন মুহাম্মদ খালিদ এবং সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী মাহিন সরকার। 

প্যানেলটির মূলমন্ত্র হিসেবে রয়েছে, ‘এক ক্লিকেই সব সেবা-স্মার্ট ইউনিভার্সিটি’, ‘প্রথমেই স্বাস্থ্য, প্রথমেই নিরাপত্তা’, ‘সবার জন্য আবাসন, সবার জন্য পরিবেশবান্ধব ক্যাম্পাস’ ইত্যাদি।

বিশ্ববিদ্যালয় এলাকায় দুই দিন বন্ধ বহিরাগত প্রবেশ ও যানচলাচল :ডাকসু নির্বাচন উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় দুই দিন যান চলাচল সীমিত রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গতকাল সন্ধ্যায় জনসংযোগ দপ্তরের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, ডাকসু ও হল সংসদ নির্বাচন  উপলক্ষ্যে আগামী ০৮ সেপ্টেম্বর ২০২৫ রাত ৮.০০টা থেকে ১০ সেপ্টেম্বর ২০২৫ তারিখ সকাল ৬.০০টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথগুলো (শাহবাগ, পলাশী, দোয়েল চত্বর, শিববাড়ি ক্রসিং, ফুলার রোড, উদয়ন স্কুল ও নীলক্ষেত) সর্বসাধারণের জন্য বন্ধ থাকবে। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বৈধ আইডি কার্ডধারী শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ প্রবেশ করতে পারবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত ও জরুরি সেবায় নিয়োজিত যানবাহন (অ্যাম্বুলেন্স, ডাক্তার, রোগী, আইনশৃঙ্খলা বাহিনী, সাংবাদিক ও ফায়ার সার্ভিসের যানবাহন) ব্যতীত অন্য কোনো যানবাহন ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে না। এছাড়া শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের পরিবারের সদস্য যারা বিশ্ববিদ্যালয়ে কর্মরত নয় বা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নয়, তারা জরুরি প্রয়োজনে ক্যাম্পাসে আসা-যাওয়া করতে চাইলে প্রক্টর অফিস থেকে নিরাপত্তা পাশ সংগ্রহ করতে হবে।

 

ইত্তেফাক/এএম