বেড়াতে যাওয়ার কথা বলে সুইজারল্যান্ডে গিয়ে আত্মহত্যা করলেন আইরিশ নারী

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০৫

সুইজারল্যান্ডে বেড়াতে যাওয়ার কথা বলে মরিন স্লাউ (৫৮) নামে আয়ারল্যান্ডের একজন নারী স্বেচ্ছায় মৃত্যুবরণ করেছেন। গত ৮ জুলাই পরিবারকে বলেছিলেন, তিনি লিথুনিয়ায় এক বন্ধুর কাছে বেড়াতে যাচ্ছেন। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) এনডিটিভির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। 

প্রতিবেদনে বলা হয়, মরিনের দুজন বন্ধু জানতেন- তিনি সুইজারল্যান্ডে স্বেচ্ছায় মৃত্যুবরণ করতে যাচ্ছেন। এর কয়েকদিনের মধ্যে তার মেয়ে মেগান রয়্যাল মায়ের একজন বন্ধুর কাছ থেকে সত্যিকারের পরিকল্পনা সম্বন্ধে জানতে পারেন।

আইরিশ ইন্ডিপেনডেন্টকে রয়্যাল বলেন, ‘বুধবার রাতে তার (মরিন স্লাউ) এক কাছের বন্ধু আমাকে একটি বার্তা পাঠান। তখন রাত সম্ভবত ১০টা। আমি আমার বাচ্চাকে নিয়ে শুয়ে ছিলাম। তিনি আমাকে শুধু বললো, তোমার মা সুইজারল্যান্ডে আছেন।’ 

এরপর তিনি বললেন, ‘তোমার জানার অধিকার আছে। আমি বিষয়টি গোপন রাখবো বলে প্রতিশ্রুত দিয়েছিলাম। তিনি সেখানে অবস্থান করছে এবং স্বেচ্ছায় মৃত্যুবরণ করতে চায়।’

মেগান রয়্যাল সঙ্গে সঙ্গে তার বাবার সঙ্গে যোগাযোগ করেন। তার বাবা সুইজারল্যান্ডে অবস্থানরত মায়ের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন। পরদিন রয়্যাল হোয়াটসঅ্যাপে একটি বার্তা পান। সেখানে জানানো হয়- তার মা মারা গেছেন।

রয়্যাল বলেন, ‘সবচেয়ে খারাপ দিক হলো, আমি শুধু হোয়াটসঅ্যাপে বার্তাই পাইনি। বরং তারা জানিয়েছে, আমার মায়ের অস্থি ৬ থেকে ৮ সপ্তাহের মধ্যে ডাকযোগে পৌঁছে দেওয়া হবে। এমন খবর পেয়ে সঙ্গে সঙ্গে বসে পড়লাম এবং কান্না শুরু করে দিলাম। মনে হলো আমার পৃথিবী শেষ হয়ে গেছে।’

জানা যায়, সুইজারল্যান্ডের স্বেচ্ছায় মৃত্যুতে সহায়তা করা একটি অলাভজনক সংস্থা পেগাসোসের কাছ থেকে বার্তাটি এসেছিল। মেগান রয়্যাল পরে জানতে পারেন তার মা বাড়িতে ফিরে আসার প্রতিশ্রুতি দিয়েছিলেন। স্বেচ্ছায় মৃত্যুবরণ করতে তিনি একটি আবেদন জমা দিয়েছিলেন ও প্রায় ২১ হাজার ৪০০ ডলার খরচ করেছিলেন।

ইত্তেফাক/এনটিএম