ভারত থেকে মা ও দুই মেয়েকে বাংলাদেশে ঠেলে দিল বিএসএফ

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৩:০২

ভারতে দীর্ঘদিন বসবাসের পর গ্রেপ্তার হয়ে কারাভোগ শেষে এক মা ও তার দুই মেয়েকে বাংলাদেশ সীমান্তে ঠেলে দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে মেহেরপুরের মুজিবনগর উপজেলার দারিয়াপুর সীমান্ত দিয়ে তিনজনকে বাংলাদেশে পাঠিয়ে দেয় বিএসএফ। পরে তাদের আটক করে বিজিবি মুজিবনগর থানায় হস্তান্তর করে।

আটককৃতরা হলেন—মমতা বেগম (৫৭), তার দুই মেয়ে: মোছা. মাহিনুর (২৪) ও ময়না খাতুন (৩০)।

জিজ্ঞাসাবাদে তারা জানান, ২০ বছর আগে অবৈধভাবে ভারতে প্রবেশ করে হরিয়ানা রাজ্যে বসবাস শুরু করেন। সেখানে মমতা বেগম এক কন্যাসন্তানের জন্ম দেন এবং পরে তাঁর বিয়েও দেন। ভারতীয় নাগরিক হিসেবে তাঁদের রেশন কার্ড, আধার কার্ডসহ প্রয়োজনীয় কাগজ ছিল বলেও দাবি করেন তারা।

তবে বাঙালি পরিচয় জানাজানি হলে ভারতীয় পুলিশ তাদের আটক করে এবং প্রায় দেড় মাস কারাবন্দি রাখে। এরপর বিএসএফ তাদের দারিয়াপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে ঠেলে দেয়।

দারিয়াপুর বিজিবি ক্যাম্পের কমান্ডার সুবেদার মনমোহন দাস বলেন, ‘দারিয়াপুর সীমান্তের ১১২ নম্বর মেইন পিলারের পাশ দিয়ে ভারতীয় সীমান্তরক্ষীরা মা ও তার দুই মেয়েকে বাংলাদেশে ঠেলে দেয়। আমরা তাঁদের আটক করে থানায় হস্তান্তর করেছি।’

মুজিবনগর থানার ওসি মিজানুর রহমান বলেন, ‘তাদের বিরুদ্ধে অনুপ্রবেশ আইনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। নাগরিকত্ব যাচাই শেষে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।’

সম্প্রতি বাংলাদেশি বংশোদ্ভূত অভিবাসীদের ভারতে গ্রেফতার ও সীমান্ত দিয়ে ফেরত পাঠানোর ঘটনা বাড়ছে বলে মানবাধিকারকর্মীরা দাবি করছেন। বিশেষজ্ঞদের মতে, দীর্ঘদিন ভারতে বসবাসকারী বাংলাদেশি অভিবাসীরা প্রায়ই পরিচয় সংকটে পড়েন, যা তাদের আইনি ঝুঁকিতে ফেলে দেয়।

ইত্তেফাক/এএম