রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে প্যানেল ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। রোববার (৭ সেপ্টেম্বর) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পাদদেশে এক সংবাদ সম্মেলনে এই প্যানেল ঘোষণা করেন ছাত্রদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক।
ঘোষিত প্যানেল অনুযায়ী, সহসভাপতি (ভিপি) পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সহসভাপতি ও লোকপ্রশাসন বিভাগের ২০১৭–১৮ সেশনের শিক্ষার্থী শেখ নূর উদ্দিন আবীর।
সাধারণ সম্পাদক (জিএস) পদে রয়েছেন দপ্তর সম্পাদক ও আরবি বিভাগের একই সেশনের শিক্ষার্থী নাফিউল ইসলাম জীবন। সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে লড়বেন সঙ্গীত বিভাগের ২০২০–২১ সেশনের শিক্ষার্থী জাহিন বিশ্বাস এষা।
ছাত্রদল মনোনীত এই প্যানেলে আরও লড়বেন ক্রীড়া সম্পাদক নার্গিস খাতুন, সহক্রীড়া সম্পাদক মাহফুজুর রহমান শাওন, সাংস্কৃতিক সম্পাদক-আব্দুল্লাহ আল কাফী, সহসাংস্কৃতিক সম্পাদক শাহরিয়ার আলম অধী, মহিলা বিষয়ক সম্পাদক স্বপ্না আক্তার, সহমহিলা বিষয়ক সম্পাদক নুসরাত ঈশিতা, তথ্য ও গবেষণা সম্পাদক গাজী ফেরদৌস হাসান, সহতথ্য ও গবেষণা সম্পাদক রেদোয়ানুল ইসলাম হৃদয়, মিডিয়া ও প্রকাশনা সম্পাদক রাফায়েতুল ইসলাম রাবিত, সহমিডিয়া ও প্রকাশনা সম্পাদক নূর নবী।
বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মারুফ হোসেন, সহবিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নাইমুল ইসলাম নাঈম, বির্তক ও সাহিত্য বিষয়ক সম্পাদক মাসুম বিল্লাহ, সহবির্তক ও সাহিত্য বিষয়ক সম্পাদক জিসান বাবু, পরিবেশ ও সমাজ সেবা সম্পাদক এআর রাফি খান, সহপরিবেশ ও সমাজ সেবা সম্পাদক কুঞ্জশ্রী রায় সুলগ্ন (শুভ) সদস্য মিনারুল ইসলাম মেঘ। সদস্য হিসেবে মনোনীত হয়েছেন সাইদ হাসান ইবনে রুহুল, মাহবুব মোর্শেদ ইল্লিন মো. আশরাফুল ইসলাম।
রাকসু নির্বাচনের পাশাপাশি ছাত্রদল ১৭টি হল সংসদের জন্যও তাদের প্যানেল চূড়ান্ত করেছে বলে জানা গেছে।
প্যানেল ঘোষণার সময় উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী, সাধারণ সম্পাদক সর্দার জহুরুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।
আগামী ২৫ সেপ্টেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাকসু ও হল সংসদের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। দীর্ঘদিন পর রাকসু নির্বাচনের ঘোষণা আসায় শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ দেখা দিয়েছে।
