ডাকসু নির্বাচনের শেষ দিনে হাসপাতাল থেকে ক্যাম্পাসে পৌঁছেছেন মেঘমল্লার বসু। রোববার (২ সেপ্টেম্বর) দুপুর ২টায় মধুর ক্যান্টিনের সামনে হুইলচেয়ারে বসে স্লোগান দিয়ে উপস্থিত হন ডাকসুর এ জিএস প্রার্থী। সংবাদ সম্মেলনে তিনি ক্যাম্পাসে থাকতে না পারার কারণ হিসেবে শারীরিক অসুস্থতার কথা জানান।
মেঘমল্লার বসু ১ সেপ্টেম্বর পান্থপথের হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে অ্যাপেন্ডিক্স অপারেশনের জন্য ভর্তি ছিলেন। সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে তিনি সহযোদ্ধাদের প্রতি কৃতজ্ঞতা জানান এবং সদ্য প্রয়াত বদরুদ্দীন উমরের প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তব্য শুরু করেন।
তিনি বলেন, “চিকিৎসকরা বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন, কিন্তু আমি ক্যাম্পাসে এসেছি। রাজপথই আমাদের অক্সিজেন। অনুপস্থিতির কারণে কেউ কেউ বলছেন, আমি ইচ্ছাকৃতভাবে আসছি না। আমি রাজপথে আছি এবং ভোটারদেরও ভোট দিতে আহ্বান জানাচ্ছি।”
মেঘমল্লার বসু আরও বলেন, “শারীরিক অক্ষমতার কারণে ভোটারদের কাছে সরাসরি পৌঁছাতে পারিনি। যদি আমাকে যোগ্য প্রার্থী মনে করেন, প্লিজ আমাকে ভোট দিন। আমরা ইতোমধ্যেই জিতেছি—আমাদের লড়াইয়ের কারণে মেয়েদের হল রাত ১২টায়ও খোলা রাখতে বাধ্য হয়েছে।”
এক প্রশ্নের জবাবে তিনি অভিযোগ করেন, “বিএনপি ও জামায়াত নেতারা জেল থেকে ভোটারদের ফোন করছেন, প্রশাসন নির্বিকার। তবুও ভোটারদের কাছে একটাই চাওয়া—নিজের ইচ্ছায় ভোট দিন। ভোট দিতে পারলেই সবকিছু ঠিক হয়ে যাবে।”
মেঘমল্লার বসু জানিয়েছেন, এদিন সন্ধ্যা ৬টা পর্যন্ত ক্যাম্পাসে প্রচারণায় অংশ নেবেন। ডাকসু নির্বাচনে ‘প্রতিরোধ পর্ষদ’ নামে সাত বাম ধারার ছাত্র সংগঠন প্রতিদ্বন্দ্বিতা করছে। শামসুন্নাহার হলের সাবেক ভিপি শেখ তাসনিম আফরোজ ইমি এই প্যানেল থেকে ভিপি পদপ্রার্থী।
