ব্যাবহারিক বিজ্ঞান ক্লাস

আপডেট : ২৭ জুলাই ২০১৯, ২০:২৪

সঞ্জীব কুমার বর্মন, সহকারি শিক্ষক ও উদ্ভাবক

এটুআই

আমাদের চারপাশে অসংখ্য উপকরণ রয়েছে স্বল্পমূল্যের, তোমরা এসব দিয়ে বিজ্ঞানের নানা বিষয়গুলো বাস্তবপ্রয়োগ দেখতে পারো। আমরা সেসব বিষয় নিয়ে নিয়মিত আলোচনা করবো। আজ রয়েছে তাপের পরিচলন।

পরীক্ষণের নাম: তাপের পরিচলন

 

যদি কখনও শীতে আগুনের পাশে দাঁড়িয়ে থাকো তাহলে লক্ষ্য করে থাকবে আমাদের কিছুটা গরম লাগে। কিন্তু তুমি যদি হাতটা সাবধানে আগুনের ঠিক উপরে নাও তাহলে দেখবে আরোও বেশি তাপ লাগছে। কারণ পরিচলন পদ্ধতিতে বায়ুর কণা উত্তপ্ত হয়ে উপরের দিকে ওঠে, পাশে আসে না। তরল ও বায়বীয় পদার্থে এ প্রক্রিয়ায় তাপ সঞ্চালিত হয়। একটি পাত্রে পানি নিয়ে পাত্রের নিচে তাপ দিলে পুরো পাত্রের পানিই গরম হতে থাকে। এক্ষেত্রে পানির কণাগুলো তাপ গ্রহণ করে শক্তি অর্জন করে। শক্তি অর্জন করে গরম পানি কণা হালকা হয়ে উপরে উঠে যায়। উপরের ঠাণ্ডা পানি কণাগুলো নিচে নেমে এসে তাপ গ্রহণ করে। এভাবে পর্যায়ক্রমে পাত্রের সকল কণা তাপ গ্রহণ করে উত্তপ্ত হয় তাপ একস্থান থেকে অন্যস্থানে সঞ্চালিত হয়। এভাবে কণাদের স্থান পরিবর্তনের মাধ্যমে তাপ সঞ্চালনের প্রক্রিয়ার নাম তাপ পরিচলন। তরল পদার্থের কণার মতো বায়বীয় পদার্থের কণারাও উত্তপ্ত হয়ে সহজেই স্থান পরিবর্তনের মাধ্যমে তাপ সঞ্চালন করে।

আজকের এই পরীক্ষণটির মাধ্যমে স্বল্প মূল্যের ব্যবহারিক শিক্ষা উপকরণের সাহায্যে তাপের পরিচলন পর্যবেক্ষণ করতে পারবো। 

পরীক্ষণটি করতে প্রয়োজনীয় উপকরণ যা যা লাগবে:ঔষধের লিটারেচার-১টি, কাঁচি, মোটা মোমবাতি-১টি, সেলাইসুতা-১গজ, দিয়াশলাই। 

কার্যপদ্ধতি:

Å১ টি ঔষধের লিটারেচার (৮.৫ইঞ্চি x ৮.৫ইঞ্চি) কেটে নিই।

Å২.৫ বা ৩ সে.মি.গ্যাপ রেখে স্পাইরাল (মশার কয়েলের মতো) করে দাগ দিই।

Åদাগ বরাবর কাঁচি দিয়ে কাটি।

Åসুতার এক প্রান্ত কাগজটি মধ্যবিন্দুতে বাধি।

Å মোমবাতিটি দিয়াশলাই এর সাহায্যে জ্বালিয়ে টেবিলের উপর রাখি।

Åসুতা ধরে স্পাইরাল কাগজটি মোমের আগুনের উপর ঝুলিয়ে ধরি। কাগজটি পর্যবেক্ষণ করি।

Åএকটু পরে দেখা যাবে কাগজটি ঘুরছে।

 

পর্যবেক্ষণ:মোমের আগুনের তাপে কাগজটি ঘুরছে কেন?

বৈজ্ঞানিক ব্যাখ্যা:মোমের আগুনের উত্তাপে বাতাস হালকা হয়ে উপরে উঠে যায় এবং চারপাশের অপেক্ষাকৃত শীতল ও ভারী বায়ু সেখানে চলে আসে। এভাবে অনবরত উপরের দিকে বায়ু প্রবাহিত হতে থাকে। বায়ু প্রবাহের কারণে কাগজটি ঘুরতে থাকে।

সিদ্ধান্ত:তাপের পরিচলনের ফলে কাগজটি ঘুরতে থাকে।

সতর্কতা:পরীক্ষণটি ফাঁকা জায়গায় করতে হবে, পাশে যেন কোনো প্রকার দাহ্য পদার্থ না থাকে। কোনো কারণে যদি কাগজে আগুন লেগে যায় তখন কাগজটি মাটিতে রেখে, কোনো ভারী বস্তু দিয়ে কাগজটি চাপা দিয়ে আগুন নিভিয়ে ফেলতে হবে।