কুশিয়ারা ও সুরমার পানি বাড়লেও থাকবে বিপদসীমার নিচে

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১৭:২০

আগামী তিন দিনে সিলেটের কুশিয়ারা ও সুরমা নদীর পানি সমতল বাড়তে পারে, তবে তা বিপদসীমার নিচ দিয়েই প্রবাহিত হবে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র (বাপাউবো)।

সোমবার (৮ সেপ্টেম্বর) প্রকাশিত পূর্বাভাসে বলা হয়, দেশের প্রধান সব নদ-নদী বর্তমানে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আগামী ৭২ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগে এবং ভারতের ত্রিপুরা, মেঘালয়, আসাম ও পশ্চিমবঙ্গে মাঝারি থেকে ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

সতর্কবার্তায় বলা হয়, রংপুর বিভাগের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি আগামী তিন দিনে বাড়তে পারে। এ সময়ে নীলফামারী ও লালমনিরহাট জেলায় তিস্তা নদী সতর্কসীমার কাছাকাছি প্রবাহিত হওয়ার আশঙ্কা রয়েছে।

এ ছাড়া, ব্রহ্মপুত্র-যমুনা অববাহিকা: আগামী দুই দিন পানি কমতে পারে, পরে তিন দিন স্থিতিশীল থাকবে। গঙ্গা-পদ্মা অববাহিকা: তিন দিন পানি কমতে পারে, পরে দুই দিন স্থিতিশীল থাকবে। সিলেট বিভাগ: মনু, ধলাই ও খোয়াই নদীর পানি একদিন কমে, পরে দুই দিন বাড়তে পারে। চট্টগ্রাম বিভাগ: গোমতী, মুহুরী, সেলোনিয়া ও ফেনীর পানি একদিন স্থিতিশীল থেকে পরে দুই দিন কমতে পারে। হালদা, সাঙ্গু ও মাতামুহুরীর পানি একদিন বাড়লেও পরে দুই দিন কমবে।

ইত্তেফাক/এএম