জনপ্রিয় সংগীতশিল্পী ধ্রুব গুহ। গানের পাশাপাশি ‘ধ্রুব মিউজিক স্টেশন’ ও ‘ধ্রুব মিউজিক কটেজ’ শিরোনামে তাঁর দুটি ইউটিউব চ্যানেল রয়েছে। এই প্লাফর্মের মধ্য দিয়ে নতুন ও পুরোনো অনেকের গানের মিউজিক ভিডিও প্রকাশ করেন তিনি। তাঁর ক্যারিয়ারে অন্যতম জনপ্রিয় গান ‘যে পাখি ঘর বোঝে না’। এই গানটির মিউজিক ভিডিও রিলিজের পর থেকেই ব্যাপক সাড়া ফেলে। সম্প্রতি ইউটিউবে এই মিউজিক ভিডিওটি ৩ কোটিরও বেশি ভিউ হয়েছে। ২০১৫ সালের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয় এই গানটি। এটি ইউটিউবে প্রকাশিত ধ্রুবর দ্বিতীয় গান।
গানটির কথা ও সুর করেছেন প্লাবন কোরেশী, সংগীতায়োজন করেছেন তরিক আল ইসলাম। ভিডিও নির্মাণ করেছেন শুভব্রত সরকার। এতে মডেল হিসেবে অভিনয় করেছেন তারেক ও তারিন। এ প্রসঙ্গে ধ্রুব বলেন, ‘এটি আমার জন্য আনন্দের বিষয়। যে পাখি ঘর বোঝে না গানটির মিউজিক ভিডিও প্রকাশের পর অনেকবার আলোচনায় আসে। সবার প্রতি আমি কৃতজ্ঞ। শ্রোতাদের ভালোবাসায় গান করার অনুপ্রেরণা পাই। তাই অনেক ব্যস্ততার মাঝেও গানটা করি।’
