ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে আগে থেকে চিহ্ন দেওয়া ব্যালট বিতরণের অভিযোগ তুলেছেন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্যের ক্যারিয়ার উন্নয়ন সম্পাদক পদপ্রার্থী রুপাইয়া শ্রেষ্ঠা তঞ্চঙ্গ্যা।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে টিএসসি কেন্দ্রে তিনি এ অভিযোগ করেন। রুপাইয়ার দাবি, তার এক বান্ধবী ভোট দেওয়ার সময় ব্যালটে আগে থেকেই ক্রস দেওয়া দেখতে পান।
তবে অভিযোগ অস্বীকার করেছেন কেন্দ্রের রিটার্নিং কর্মকর্তা ড. নাসরিন সুলতানা। তিনি বলেন, “অভিযোগ পাওয়ার পর আমরা সব ব্যালট পরীক্ষা করেছি, কোথাও এমন সমস্যা পাইনি। অভিযোগকারী ব্যালট হাতে পেয়েই তা বলতে পারতেন। কিন্তু তিনি বুথে গিয়ে কিছুক্ষণ থেকে ফিরে এসে অভিযোগ তুলেছেন। এ ধরনের অভিযোগ গ্রহণযোগ্য নয়।”
নাসরিন সুলতানা আরও জানান, অভিযোগকারীকে নতুন ব্যালট দেওয়া হয়েছে। “ইতিমধ্যে ৫০ শতাংশ ভোট কাস্ট হয়ে গেছে। নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য এমন অভিযোগ তোলা হতে পারে। আবার ওই শিক্ষার্থী নিজেও ভুল করতে পারেন।”
এ বিষয়ে ঢাবির উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান সাংবাদিকদের বলেন, “অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ব্যবস্থা নিয়েছি। এ জন্য সিসিটিভি ফুটেজ দেখে তদন্ত করা হবে। এটি আমাদের শিক্ষার্থীদের প্রাণের দাবি, এখন সেটি দেশের দাবিতে পরিণত হয়েছে এবং আমাদের শক্তি হচ্ছে পূর্ণ সত্যতা।”
