ডাক বিভাগ আধুনিকায়নে যুক্ত হচ্ছে অটোমেটেড কাস্টম ডাটা সিস্টেম—আসিকুডা সফটওয়্যার। এর ফলে ডিজিটাল কমার্সের ক্ষেত্রে সুবিধাজনক জায়গায় পৌঁছার চমত্কার সুযোগ সৃষ্টি হবে। ডাক অধিদপ্তরের চলমান ডিজিটাল কমার্স কার্যক্রম নতুন মাত্রায় উন্নীত হবে। বাংলাদেশ জাতীয় রাজস্ব বোর্ড আসিকুডা সফটওয়্যার ব্যবহার করছে। ডাক বিভাগ এসিকুডায় যুক্ত হবার ফলে আন্তর্জাতিক ডিজিটাল বাণিজ্যে শুল্ক কর মূল্যায়নে তাত্ক্ষণিক ব্যবস্থা কার্যকর করা যাবে।
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার-এর সঙ্গে সম্প্রতি তার দপ্তরে এশিয়া এসিকুডা প্রোগ্রামের রিজিওন্যাল কো-অর্ডিনেটর মারিয়ানি ডুমন্ট-এর নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল সাক্ষাত্ করে। সাক্ষাত্কালে ডাক বিভাগের এসিকুডার সঙ্গে সংযুক্ত হওয়ার বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। মারিয়ান্ট ডুমন্ট ডাক বিভাগের সঙ্গে আসিকুডার সংযুক্ত হবার বিষয়টি নিশ্চিত করেন।
প্রতিনিধি দলের অপর সদস্যরা হলেন—ইউনাইটেড ন্যাশন কনফারেন্স অন ট্রেড এন্ড ডেভেলপমেন্টের টেকনোলজি ও লজিস্টিকস বিভাগের পরিচালক শামিকা এন. সিরিমানে এবং বেসিস-এর সাবেক পরিচালক মোস্তাফিজুর রহমান সোহেল।
সাক্ষাত্কালে ডিজিটাল কমার্সের ওপর করণীয় সম্পর্কিত বাংলাদেশ বিষয়ক একটি প্রতিবেদন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর নিকট হস্তান্তর করা হয়।
