যৌন হয়রানি ও একাডেমিক দুর্নীতির অভিযোগে রাবি অধ্যাপককে অব্যাহতি

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৪০

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. প্রভাস কুমার কর্মকারকে যৌন হয়রানি ও একাডেমিক দুর্নীতির অভিযোগে বিশ্ববিদ্যালয়ের সকল প্রকার একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. ইফতিখারুল আলম মাসউদ স্বাক্ষরিত একটি চিঠির মাধ্যমে অধ্যাপক প্রভাস কুমারকে এই সিদ্ধান্তের বিষয়টি জানানো হয়েছে।

চিঠিতে বলা হয়, অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানি ও একাডেমিক দুর্নীতির অভিযোগ তদন্তে প্রাথমিকভাবে সত্য প্রমাণিত হয়েছে।

পরিসংখ্যান বিভাগ একটি সত্যানুসন্ধান (ফ্যাক্ট ফাইন্ডিং) কমিটি গঠন করে বিষয়টি তদন্ত করে। তদন্ত প্রতিবেদনে অভিযোগের সত্যতা পাওয়ায় বিভাগীয় একাডেমিক কমিটি যথাযথ কর্তৃপক্ষের কাছে সুপারিশসহ প্রতিবেদন জমা দেয়। পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অভিযোগসমূহ অধিকতর তদন্ত ও চূড়ান্ত সুপারিশের জন্য একটি পৃথক তদন্ত কমিটি গঠন করে। এই তদন্ত চলাকালীন সময়ে ড. প্রভাস কুমারকে সকল একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়।

পরিসংখ্যান বিভাগের সভাপতি অধ্যাপক ড. রেজাউল করিম বলেন, অধ্যাপক প্রভাস কুমারকে প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতির বিষয়ে বিশ্ববিদ্যালয় থেকে একটি চিঠি পেয়েছি।

এর আগে, ১৩ আগস্ট ভুক্তভোগী ছাত্রীর মা বিভাগীয় সভাপতির কাছে লিখিত অভিযোগ দাখিল করেন। এরপরই বিভাগীয় পর্যায়ে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করে তদন্ত শুরু করা হয়। তদন্তে ঘটনার সত্যতা পাওয়ার পর শিক্ষার্থীরা অভিযুক্ত শিক্ষকের স্থায়ী বহিষ্কারের দাবিতে বিভাগের সামনে প্রতিবাদ সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করেন।

ইত্তেফাক/এএইচপি