বৃষ্টি বাঁচিয়ে দিল ‘এ’ দলকে

আপডেট : ২৭ জুলাই ২০১৯, ২১:০৯

গতকালকের ম্যাচটি ছিলো বাংলাদেশের সিরিজে টিকে থাকার ম্যাচ। এই খেলাটি জিতলেই ৫ ম্যাচের সিরিজ এক ম্যাচ হাতে রেখে জিতে যেতো আফগানিস্তান ‘এ’ দল। সেই পথেই এগোচ্ছিল খেলা। কিন্তু শেষ পর্যন্ত বাংলাদেশ ‘এ’ দলের মুখ রক্ষা হয়েছে বৃষ্টিতে। পরিত্যক্ত হয়েছে খেলা। ফলে সিরিজের শেষ ম্যাচে জিতে সিরিজ ড্র করার একটা সুযোগ পাচ্ছে স্বাগতিকরা। আগামীকাল বিকেএসপিতেই অনুষ্ঠিত হবে ৫ ম্যাচ সিরিজের শেষ ম্যাচ। সিরিজে এখন পর্যন্ত ২-১ ব্যবধানে এগিয়ে আফগানিস্তান।

বিকেএসপিতে না হতে পারা এই চতুর্থ ম্যাচে টসে জিতে বাংলাদেশ ‘এ’ দলকে ব্যাটিংয়ে পাঠিয়েছিলো আফগানরা। সকালের বৃষ্টিতে খেলা কমিয়ে আনা হয় ৪০ ওভারে। দলীয় ১৩ রানে বাংলাদেশের ২ উইকেট এবং ৪০ রানে ৩ উইকেট তুলে নিয়ে আফগানরা প্রমাণ করে, তারা সঠিক পথেই আছে। এরপর অধিনায়ক ইমরুল কায়েস ও আফিফ হোসেন ধ্রুব ৬৭ রানের একটা জুটি করেন। ইমরুল ৩৩ রান করে আউট হন। আর আফিফ ফেরেন ৪৫ রান করে। এরপর জাকের আলী ২৩ রান করে একটা চেষ্টা করেছিলেন। কিন্তু বাকিরা কেউ তাকে সঙ্গ দিতে পারেননি। ফলে ৪০ ওভারেই ১৭৬ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশি দলটা।

ডিএলএস পদ্ধতিতে আফগানিস্তানের সামনে ৪০ ওভারে লক্ষ্য ছিলো ১৮৭ রান। তারা ৮.২ ওভারেই বিনা উইকেটে ৫৭ রান তুলে ফেলে। এই সময় বৃষ্টি নামে। ৩০ রানে অপরাজিত ছিলেন ইব্রাহিম জাদরান এবং ২১ রানে অপরাজিত ছিলেন রাহামাতউল্লাহ গুরবাজ। এরপর বৃষ্টি থামলেও আর খেলা শুরু হতে পারেনি ভেজা আউটফিল্ডের কারণে।