রিয়ালের জালে অ্যাটলেটিকোর ৭ গোল

আপডেট : ২৭ জুলাই ২০১৯, ২১:১৫

অ্যাটলেটিকো মাদ্রিদ প্রাকেমৗসুম প্রস্তুতি ম্যাচে রিয়াল মাদ্রিদকে ৭-৩ গোলে হারিয়ে কোচ জিনেদিন জিদানকে বিড়ম্বনায় ফেলেছে।

যুক্তরাষ্ট্রের নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় খেলাটি।

কোচ দিয়েগো সিমিওনির অ্যাটলেটিকো দুর্দান্ত সূচনা করে ২৭ মিনিটের মধ্যেই চার গোলে এগিয়ে যায়। দিয়েগো কস্তা খেলাটিতে ৪ গোল করেন। এর মধ্যে বিরতির আগেই পান হ্যাটট্রিকের দেখা। প্রথমার্ধে আরো দুই গোল দেন হোয়াও ফেলিক্স ও অ্যাঞ্জেল কোরেয়া।

ব্রাজিলীয় বংশোদ্ভূত স্প্যানিশ কস্তা দ্বিতীয়ার্ধের শুরুতেই আবার আঘাত হানেন রিয়ালের জালে। কিন্তু এরপরই রিয়ালের দানি কারভাহালসহ লাল কার্ড দেখেন কস্তা। এর মধ্যেই অ্যাটলেটিকোর সপ্তম গোলটি করেন ভিতোলো।

রিয়ালের সান্ত্বনার গোল তিনটি আসে দ্বিতীয়ার্ধে। এর মধ্যে প্রথমটি করেন নাচো ৫৯ মিনিটে। এরপর খেলার শেষ দিকে পেনাল্টি থেকে দ্বিতীয়টি করেন করিম বেনজেমা। চার মিনিট পর জালের দেখা পান হ্যাভিয়ের হার্নান্দেজ।

কোচ জিদান এদিন ফরোয়ার্ড গ্যারেথ বেলকেও খেলান। তবে বদলি হিসেবে। মাঠে ছিলেন নবাগত স্ট্রাইকার এডেন হ্যাজার্ডও। কিন্তু কোনো কিছুতেই রিয়ালের ধস ঠেকানো যায়নি। এই পরাজয়ের পর রিয়াল কোচ জিদানের ভাষ্য, ‘অষ্টম মিনিটেই আমরা ২-০তে পিছিয়ে পড়েছিলাম। পরিস্থিতি পরিবর্তনের জন্য আমরা কিছুই করিনি। প্রথমার্ধটা কঠিন ছিল। আমরা ম্যাচেই ঢুকতে পারিনি। সবকিছুতেই পিছিয়ে ছিলাম আমরা। বিশেষ করে তীব্রতার ব্যাপারটাই ছিল না দলে।’

তিনি আরও বলেন, ‘তারা ৭ গোল করেছে। এটা হতে দেওয়া যায় না। খেলোয়াড়রাও সেটা জানে এবং তারা হতাশ। কিন্তু এটা নিয়ে হতাশায় ভোগার কিছু নেই, কেবলই একটা প্রাকেমৗসুম ম্যাচ।

তারা সবকিছুতেই এগিয়ে ছিল। এটা নিয়ে আর কথা বলার কিছু নেই।’ এদিকে অ্যাটলেটিকো কোচ দিয়েগো সিমিওনের মতে, এই ম্যাচের ফলাফল মোটেও দুই দলের শক্তি-সামর্থ্যকে তুলে ধরছে না। আর্জেন্টাইন কোচের ভাষায়, ‘দুই দলের যা প্রতিভা আছে তার

বাস্তবতা এই ম্যাচ তুলে ধরছে এমনটা মনে করি না আমি।’ তবে দলের পারফরম্যান্সে সন্তুষ্টি জানিয়ে তিনি বলেন, ‘আমি কোনো কিছুতেই তাড়াহুড়ো করি না।

আপাতত এই ম্যাচটার বাস্তবতায় আছি আমি। এটা ভালো একটা ম্যাচ ছিল। তাদের মধ্যে উদ্যম, আশা ও তীব্রতা দেখতে পেয়েছিলাম আমি। এখন পরের ম্যাচের জন্য অপেক্ষা করছি। সেখানে খেলোয়াড়দের ঘুরিয়ে-ফিরিয়ে খেলাব এবং লা লিগার জন্য তৈরি করব।’