লিওনেল মেসি গ্রীষ্মকালীন ছুটি শেষ করে বার্সেলোনায় ফিরেছেন। এদিকে বার্সেলোনা অধিনায়ক ফেরার অনেক আগেই আক্রমণভাগে তার সঙ্গী লুই সুয়ারেজ অনুশীলনে নেমে গেছেন।
কোপা আমেরিকার কারণে বার্সেলোনার দক্ষিণ আমেরিকার খেলোয়াড়দের ৩১ জুলাই পর্যন্ত ছুটি দেয়া হয়েছিল। এই তালিকায় মেসি-সুয়ারেজ ছাড়াও ছিল ফেলিপে কোটিনহো ও আর্থার মেলোর নামও। শেষ দুইজন ব্রাজিলের হয়ে কোপা আমেরিকা জেতার পর এখনো বার্সেলোনায় ফেরেননি।
কোপা আমেরিকা শেষে ছুটি কাটাতে পরিবারসহ ক্যারিবীয় দ্বীপপুঞ্জে চলে গিয়েছিলেন মেসি। ছুটি শেষ করে গত শুক্রবার বার্সেলোনার এল প্রাত বিমানবন্দরে ফেরেন তিনি। তবে ছুটি শেষ হবার আগেই বার্সেলোনায় ফিরলেও আগামী বুধবারের আগে অনুশীলনে ফিরবেন কিনা তা জানা যায়নি।
আরেক বার্সা ফরোয়ার্ড সুয়ারেজ ছুটি শেষ করে বার্সেলোনায় তো ফিরেছেনই, নতুন মৌসুমকে সামনে রেখে অনুশীলনেও নেমে গিয়েছেন তিনি। গেল সপ্তাহে ছুটি শেষ করে বার্সায় ফেরা উরুগুইয়ান এই স্ট্রাইকার গত শুক্রবার ক্লাবের হুয়ান গ্যাম্পার ট্রেইনিং সেন্টারে অনুশীলন শুরু করেছেন।
