নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে চৌমুহনী-ফেনী আঞ্চলিক মহাসড়কের দূর্গাপুরের সরুরগো পোল এলাকায় এ ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহতরা হলেন, মো. ইমন (২৪) ও নুর হোসেন রিফাত (২০)।
এদের মধ্যে ইমন উপজেলার রসুলপুর ইউনিয়ে লতিফপুর গ্রামের খুরশিদ আলমের ছেলে ও রিফাত একই গ্রামের আব্দুল হকের ছেলে।
রিফাতের বড় ভাই রাকিব জানান, ইমন ও রিফাত এক সঙ্গে ইলেকট্রিক প্লাম্বারের কাজ শিখছেন। বৃহস্পতিবার সকালে তারা বাড়ি থেকে মোটরসাইকেলে ইলেকট্রিক প্লাম্বারের কাজ করার জন্য চৌমুহনী বাজার এলাকায় যাচ্ছিল। পথে সরুরগো পোল এলাকায় একটি ট্রাক তাদের মোটরসাইকেলকে ওভারটেক করতে গিয়ে পেছনের দিক থেকে ধাক্কা দেয়। এতে দুজনই সড়কে ছিটকে পড়ে গুরুত্বর আহত হয়। পরে দুজনকে স্থানীয়রা উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসহ ইমনকে মৃত ঘোষণা করেন। রিফাতকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে বেলা পৌনে ২টার মারা যান।
চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ওসি মোবারক হোসেন ভূঁইয়া বলেন, দুর্ঘটনার পর পরই চালক ট্রাক নিয়ে পালিয়েছে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
