জাকসু নির্বাচন ঘিরে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৪৭

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট শেষ হয়েছে। এরই মধ্যে নির্বাচনে ভোট কারচুপির অভিযোগ তুলে বর্জন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্যানেল। অন্য প্যানেলের শিক্ষার্থীরাও নির্বাচন কমিশনের প্রতি তাদের অনাস্থা জানিয়েছে। এমন প্রেক্ষাপটে জাকসু নির্বাচনকে ঘিরে নির্বাচন কমিশন কার্যালয়ের নিরাপত্তা জোরদার করা হয়েছে। একইসঙ্গে অনভিপ্রেত যে কোনো ঘটনা এড়াতে প্রবেশপথে অবস্থান নিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সরেজমিন দেখা গেছে, নির্বাচন কমিশন কার্যালয়ের সামনে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কড়া অবস্থান লক্ষ্য করা গেছে। ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে পুলিশের টহল লক্ষ্য করা গেছে৷

এবারের জাকসু নির্বাচনে ২৫ পদে ১৭৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে সহসভাপতি (ভিপি) পদে ৯ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ৯ জন, যুগ্ম সাধারণ সম্পাদক (নারী) পদে ৬ জন এবং যুগ্ম সাধারণ সম্পাদক (পুরুষ) পদে ১০ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ইত্তেফাক/কেএইচ