ফরিদপুরের ভাঙ্গায় সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাসের প্রতিবাদে দ্বিতীয় দফায় টানা তৃতীয় দিনের মতো সড়ক অবরোধ করেছে আন্দোলনকারীরা। এদিন মহাসড়কের পাশাপাশি রেলপথও অবরোধ করা হয়। এ কর্মসূচি শেষে দাবি আদায়ে লাগাতার কর্মসূচি ঘোষণা করেছে।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় আলগী ইউনিয়নের চেয়ারম্যান ম ম ছিদ্দিক মিয়া এ কর্মসূচি ঘোষণা করেন।
ঘোষণা অনুযায়ী, আগামী শুক্র ও শনিবার অবরোধ কর্মসূচি স্থগিত থাকবে। দাবি আদায় না হলে রোববার ভোর ৬ টা থেকে দাবি না মানা পর্যন্ত লাগাতার অবরোধ চলবে।
সন্ধ্যায় ভাঙ্গা হাইওয়ে এক্সপ্রেসের ভাঙ্গা দক্ষিণপাড় বাসস্ট্যান্ডে হাজির হয়ে আন্দোলনকারীদের উদ্দেশ্যে আলগী ইউনিয়নের চেয়ারম্যান ম ম ছিদ্দিক মিয়া নতুন কর্মসূচি ঘোষণা করে বলেন, টানা ৪ দিন হাজার হাজার জনতা আন্দোলনের পক্ষে অবস্থান নিয়েছে। সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। সড়ক অবরোধ আগামী শুক্রবার ও শনিবার স্থগিত থাকবে। নির্বাচন কমিশন যদি এর মধ্যে ফরিদপুর -৪ আসনে আলগী ও হামেরদী ইউনিয়নকে পুর্নবহালের ব্যবস্থা না করে তাহলে রোববার ভোর ৬টা থেকে দাবি না মানা পর্যন্ত লাগাতার অবরোধ চলবে।
এর আগে সকাল থেকে ঢাকা-বরিশাল এবং ঢাকা-খুলনা মহাসড়কে সামিয়ানা টাঙ্গিয়ে ও গাছের গুঁড়ি ফেলে এবং রেললাইনের উপর গাছ ফেলে টানা তৃতীয় দিনের মতো সড়ক অবরোধ শুরু করে বিক্ষুব্ধরা। ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের মুনসুরাবাদ এলাকায় সকাল থেকেই সড়কে বিক্ষোভ শুরু করে স্থানীয়রা। পরে ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের হামিরদী বাস স্ট্যান্ড, নোয়াপাড়া বাস স্ট্যান্ড, ভাঙ্গা পৌরসভার হাসপাতাল মোড়, আলগি ইউনিয়নের সুয়াদীসহ কয়েকটি পয়েন্টে সড়ক অবরোধ করা হয়।
অন্যদিকে ঢাকা-খুলনা রেল লাইনের ভাঙ্গা উপজেলার কৈডুবি রেলগেটে গাছের গুঁড়ি ফেলে অবরোধ করে বিক্ষুব্ধরা। সকাল ৭টা থেকে শুরু হওয়া এ অবরোধের কারণে কোনো ট্রেন চলেনি।
কৈডুবি রেল গেটের গেট কিপার মুস্তাফিজুর রহমান জানান সকাল সাড়ে ৭টা থেকে রেলগেট বন্ধ করে রেখেছে স্থানীয় জনগণ। ফলে কোনো ট্রেন যাতায়াত করেনি।
উল্লেখ্য, ফরিদপুর -৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) আসনের ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে পার্শ্ববর্তী ফরিদপুর- ২ (নগরকান্দা ও সালথা) সংসদীয় আসনে যুক্ত করে গেজেট প্রকাশ করে নির্বচন কমিশন। এরপর গেজেট বাতিলের দাবি জানিয়ে আসছে স্থানীয়রা। এরই ধারাবাহিকতায় সড়ক অবরোধ করা হলেও প্রশাসনের আশ্বাসে তা তুলে নেওয়া হয়।
তিন দিনের আল্টিমেটাম শেষে ৯ সেপ্টেম্বর আবারও মহাসড়ক অবরোধ করে স্থানীয়রা, যা চলে ১১ সেপ্টেম্বর পর্যন্ত। এরই মধ্যে ওই ইউনিয়ন দুইটি পুনরায় ফরিদপুর-৪ আসনের ভাঙ্গা উপজেলার সঙ্গে যুক্ত না হলে নতুন কর্মসূচির ঘোষণা দেওয়া হলো।

