গফরগাঁওয়ে দুই বাড়িতে ডাকাতি

আপডেট : ২৭ জুলাই ২০১৯, ২১:২৬

গফরগাঁও উপজেলার পাগলা থানায় মশাখালী টানপাড়া গ্রামে দুই বাড়িতে গত শুক্রবার গভীর রাতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতের দল নগদ টাকা, স্বর্ণালংকার, মোবাইল ফোনসেটসহ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়। ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে ও গুলিবিদ্ধ হয়ে দুজন আহত হন। খবর পেয়ে পাগলা থানার পুলিশ গতকাল শনিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করে।

ডাকাত দলের হামলায় ও গুলিবিদ্ধ হয়ে আফাজ উদ্দিন ও তার স্ত্রী শায়লা আহত হন। গুলিবিদ্ধ আফাজ উদ্দিনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পাগলা থানার ওসি মো. শাহিনুজ্জামান খান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টির তদন্ত চলছে।