হাটহাজারীতে ছেলেধরা গুজবে মো. মুবিন (১৯) নামের এক যুবককে গণপিটুনি দিয়ে গুরুতর আহত করার খবর পাওয়া গেছে। শুক্রবার রাত সাড়ে দশটার দিকে পৌরসভার মাটিয়া মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে মুবিন মাটিয়া মসজিদ এলাকার পশ্চিমে পূর্ব চন্দ্রপুর রেল লাইনে ঘুরাঘুরি করছিল এসময় হঠাত্ কিছু লোক একত্রিত হয়ে প্রথমে তাকে চোর বলে মারধর শুরু করে। পরে তারা ছেলেধরা গুজব ছড়িয়ে উত্তেজনা তৈরি করে তাকে পুনরায় মারধর করে। গুরুতর আহত মুবিনকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখান থেকে তাকে চট্টগ্রাম মেডিক্যাল হাসপাতালে পাঠানো হয়। আহত মুবিন উত্তর মিরেরখীলের খন্দকার পাড়ার আবদুস শুক্কুরের ছেলে। সে চবি ২ নম্বর গেইট এলাকায় একটি মোটরসাইকেল শো-রুমে চাকরি করে বলে জানা গেছে।
মুবিনকে উদ্ধার করা স্থানীয় হারুন, নাছির, জহিরসহ একাধিক ব্যক্তি জানান, ছেলেধরা (কল্লা কাডনি) চিত্কার শুনে দৌড়ে গিয়ে দেখি মুবিনকে লাঠি দিয়ে মারধর করছে অনেক মানুষ। আমরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই।
থানা সূত্র জানায়, এ ঘটনার সাথে জড়িত সন্দেহে কাজল নামের এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল উদ্দিন জাহাঙ্গীর জানান, গুজব ছড়িয়ে একটি ছেলেকে মারধর করে গুরুতর আহত করেছে বলে খবর পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
