কঙ্গোতে নৌকা ডুবে কমপক্ষে ১০৭ জনের মৃত্যু, বেশিরভাগই শিক্ষার্থী

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১৭:২৫

কঙ্গোর উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইকুয়েটুর প্রদেশে একটি মোটরচালিত নৌকা ডুবে কমপক্ষে ১০৭ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে, গত বুধবার রাতের এই দুর্ঘটনায় নিহতদের বেশিরভাগই শিক্ষার্থী।

দুর্ঘটনার কারণ স্পষ্ট নয়। ঘটনাস্থল থেকে প্রাপ্ত ছবিগুলিতে দেখা গেছে, গ্রামবাসীরা শোক প্রকাশ করার সময় মৃতদেহের চারপাশে জড়ো হয়ে আছে।

স্থানীয় একটি নাগরিক সমাজের দল এই দুর্ঘটনার জন্য সরকারকে দায়ী করেছে। তারা দাবি করেছে, নিহতের সংখ্যা আরও বেশি। তবে কর্তৃপক্ষ এ নিয়ে বিস্তারিত তথ্য দেয়নি।

মধ্য আফ্রিকার এই দেশটিতে নৌকাডুবির ঘটনা ক্রমশ ঘন ঘন হয়ে উঠছে। সস্তা কাঠের নৌকাগুলো মাঝে মাঝেই যাত্রী এবং পণ্যের ভারে মাঝ নদীতে ডুবে যায়। লাইফ জ্যাকেট সেখানে বিরল।

অনেক নৌকা রাতেও ভ্রমণ করে। এর ফলে দুর্ঘটনার সময় উদ্ধার প্রচেষ্টা জটিল হয়ে ওঠে। অনেক মৃতদেহ প্রায়শই অজ্ঞাত অবস্থায় পাওয়া যায়।

ইত্তেফাক/এসকে