গফরগাঁওয়ে দুর্বৃত্তদের অ্যাসিডে গুরুতর আহত মাদ্রাসা ছাত্রী

আপডেট : ২৭ জুলাই ২০১৯, ২১:৩৯

ময়মনসিংহের গফরগাঁওয়ে মিনহা (১৮) নামের এক মাদ্রাসা ছাত্রী মাদ্রাসা যাওয়ার পথে অজ্ঞাতপরিচয় দুই মোটরসাইকেল আরোহী অ্যাসিড নিক্ষেপ করেছে। এতে তার মুখের একাংশ, মুখের নিচের অংশ ও ডান হাতের একাংশ ঝলসে গেছে। গুরুতর অবস্থায় তাকে কিশোরগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার সকাল ১০টার দিকে উপজেলার পাগলা থানার তারাটিয়া গ্রামের গফরগাঁও-হোসেনপুর সড়কে এ ঘটনা ঘটে। অ্যাসিডদগ্ধ মিনহার পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার আনসারনগর গ্রামের সালাউদ্দিন খানের মেয়ে ও পাঁচবাগ সিনিয়র ফাজিল মাদ্রাসার ফাজিল প্রথম বর্ষের ছাত্রী মিনহা অন্যান্য দিনের মতো বাড়ি থেকে হেঁটে মাদ্রাসায় যাচ্ছিল। সে গফরগাঁও-হোসেনপুর সড়কের তারাটিয়া গ্রামের বাঘের বাড়ির কাছে আসলে একটি মোটরসাইকেলে দুই অজ্ঞাতপরিচয় দুর্বৃত্ত এসে তার মুখমণ্ডলে অ্যাসিড নিক্ষেপ করে পালিয়ে যায়। সে চিত্কার করতে করতে সড়কের পাশে ছফির উদ্দিনের বাড়িতে গিয়ে আশ্রয় নেয়। এলাকাবাসী তাকে উদ্ধার করে প্রথমে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে কিশোরগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে।

মিনহার পিতা সালাউদ্দিন খান জানান, তার পরিবারেরর লোকজনের সঙ্গে বা তার মেয়ের কোনো শত্রুতা নেই। পাঁচবাগ সিনিয়র ফাজিল মাদ্রাসার পক্ষ থেকে বিষয়টি পাগলা থানার ওসিকে অবহিত করা হয়েছে।