সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ থেকে সাদাপাথর লুটের মামলার আরেক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সুনীল বিশ্বাস (৩১) নামের ওই ব্যক্তি একই উপজেলার বিলাজুর গ্রামের ধরনী বিশ্বাসের ছেলে।
রোববার (১৪ সেপ্টেম্বর) রাতে কোম্পানীগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে।
আজ সোমবার গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার ওসি রতন শেখ।
তিনি বলেন, সুনীল বিশ্বাসকে পাথর লুটের মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হবে। এ নিয়ে মামলাটিতে মোট ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এর আগে শনিবার রাতে সাদাপাথর লুটের মামলায় বিএনপি নেতা সাহাব উদ্দিনকে গ্রেপ্তার করে র্যাব-৯।
তিনি কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ছিলেন। চাঁদাবাজি, দখলবাজিসহ দলের নীতি ও আদর্শ পরিপন্থী অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগের ভিত্তিতে ১১ আগস্ট তার পদ স্থগিত করে কেন্দ্রীয় বিএনপি।
