জামায়াত আমিরের সঙ্গে পোশাকশিল্প মালিকদের বৈঠক

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৫৩

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন দেশের তৈরি পোশাকশিল্পের শীর্ষ মালিকদের একটি প্রতিনিধিদল। রোববার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যার পর রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় জামায়াত আমিরের বাসায় এই বৈঠক অনুষ্ঠিত হয়।

প্রতিনিধিদলে ছিলেন ‍স্কয়ার টেক্সটাইলের চেয়ারম্যান ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা তপন চৌধুরী, বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান, বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম এবং বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের সভাপতি ফজলে শামীম এহসান। জামায়াতের পক্ষ থেকে উপস্থিত ছিলেন দলের শিল্প–বাণিজ্য শাখার সভাপতি শহিদুল ইসলাম, সেক্রেটারি জেনারেল আনোয়ারুল আজিম ও চিকিৎসক খালিদুজ্জামান।

বৈঠকের বিষয়টি নিশ্চিত করে বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান জানান, ‘রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক আলোচনার অংশ হিসেবে আমরা জামায়াতের আমিরের সঙ্গে বৈঠক করেছি। এর আগেও আমরা বিএনপির সঙ্গে বসেছি।’

তিনি আরও বলেন, ‘বৈঠকে এলডিসি উত্তরণ, মার্কিন পাল্টা শুল্ক এবং শ্রম আইন সংশোধন সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে।’

বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, ‘আমরা জামায়াতের আমিরকে অবহিত করেছি, জোর করে শ্রম আইন সংশোধনের চেষ্টা হচ্ছে। এটা হলে শিল্পে কী ধরনের ঝুঁকি তৈরি হতে পারে, সেটাও তুলে ধরেছি।’

তিনি আরও যোগ করেন, ‘শ্রম পরিবেশ বিঘ্নিত হলে তা কারখানা ও শিল্প উভয়ের জন্য ক্ষতিকর। আমরা রাজনীতিবিদদের সহযোগিতা চেয়েছি। জামায়াতের আমির আমাদের বক্তব্য মনোযোগ দিয়ে শুনেছেন এবং অনেক বিষয়ে সম্মতিও দিয়েছেন।’

জামায়াতে ইসলামীর ফেসবুক পেজে জানানো হয়, বৈঠকে শিল্প–বাণিজ্যের সম্ভাবনা, বিনিয়োগ পরিবেশ, শ্রম আইন ২০২৫, এবং শ্রমিক–মালিক সম্পর্ক উন্নয়নের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা হয়েছে। বক্তারা দেশের শিল্পকারখানায় স্থিতিশীলতা বজায় রাখা ও অর্থনৈতিক পরিবেশ উন্নয়নে রাজনৈতিক দলের সহযোগিতা কামনা করেন।

জবাবে জামায়াতের আমির বলেন, ‘দেশের অর্থনীতিকে সচল রাখতে হলে শ্রমিক ও মালিকদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও বোঝাপড়া জরুরি। আমরা সেই দিকেই গুরুত্ব দিচ্ছি।’

ইত্তেফাক/এএম