ফরিদপুর-৪ আসনের আওতাধীন ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-২ আসনে সংযুক্ত করার সিদ্ধান্তের প্রতিবাদে চলমান আন্দোলনের সপ্তম দিনে মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ভাঙ্গায় কোনো সড়ক অবরোধ কর্মসূচি দেখা যায়নি। তবে বিভিন্ন পয়েন্টে অবস্থান আন্দোলনকারীদের অবস্থান দেখা গেছে। শান্তিপূর্ণ মিছিলও করেছেন তারা।
তাছাড়া শহরের প্রধান সড়কগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের টহল জোরদার রয়েছে। আইন শৃঙ্খলা রক্ষায় টহল দিয়েছে সেনাবাহিনী। পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ, র্যাব, বিজিবিসহ আইনশৃ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতিতি দেখা গেছে।
সরেজমিনে দেখা গেছে, সোমবার সংঘর্ষের পর মঙ্গলবার অনেকটাই থমথমে পরিস্থিতি বিরাজ করছে। লোকজনের আনাগোনা একেবারেই কম। সকাল থেকে বেশ কিছু লোকজন মহাসড়কের কয়েকটি বাসস্ট্যান্ডে অবস্থান করলেও কাউকে সড়ক অবরোধ করতে দেখা যায় নাই। তবে এলাকার পরিবেশ থমথমে ভাব বিরাজ করছে। বিভিন্ন অফিস-আদালতের কর্মচারী ও ব্যবসায়ীদের মাঝে দেখা গেছে চাপা আতঙ্ক। সকাল থেকে যান চলাচল অনেকটা স্বাভাবিক থাকলেও দুপুর নাগাদ যান চলাচল কিছুটা কমে আসে। বেলা ১২টার দিকে একটি মিছিল করতে দেখা গেছে স্থানীয়দের।
এর আগে, সোমবার বিক্ষোভকারীরা ভাঙ্গা থানা, উপজেলা পরিষদ, হাইওয়ে থানা ও একাধিক সরকারি অফিসে ভাঙচুর ও অগ্নিসংযোগ চালায়। ফলে এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। রাতেই প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সোমবার রাতে ভাঙ্গা থানা পরিদর্শন করেন পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক, ফরিদপুরের জেলা প্রশাসক মো. কামরুল হাসান মোল্লা এবং জেলা পুলিশ সুপারসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তারা।
সোমাবার রাতে এক প্রেস ব্রিফিংয়ে ডিআইজি রেজাউল করিম মল্লিক জানান, সহিংসতায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ফরিদপুরের পুলিশ সুপার জানান, মানুষের স্বাভাবিক চলাচল ও নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী, র্যাব, পুলিশ ও বিজিবি’র সমন্বয়ে যৌথবাহিনীর টহল অব্যাহত রয়েছে।
তিনি আরও জানান, গতকালের ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি, তবে সিসিটিভি ফুটেজ পর্যালোচনার কাজ চলছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণের পর দোষীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।
প্রসঙ্গত গত ৪ সেপ্টেম্বর গেজেটের মাধ্যমে ৩০০ আসনের সীমানা নির্ধারণের চূড়ান্ত তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-৪ আসন থেকে কেটে ফরিদপুর-২ আসনে যুক্ত করা হয়েছে। ওই ঘটনার পর থেকেই ভাঙ্গায় বিভিন্ন কর্মসূচি পালন করছেন স্থানীয় বাসিন্দারা।
