অনির্দিষ্টকালের জন্য স্থগিত এনসিএল টি-টোয়েন্টি

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৫৭

প্রতিকূল আবহাওয়ার কারণে অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হলো জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

শিগগিরই আবহাওয়ার উন্নতি হওয়ার কোনো সম্ভাবনা নেই। আপাতত তাই এনসিএল টি-টোয়েন্টি স্থগিত করা হয়েছে অনির্দিষ্টকালের জন্য। অন্তত আগামী ২৫ সেপ্টেম্বর পর্যন্ত টুর্নামেন্টের খেলা বন্ধ থাকবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, 'সারাদেশে বিরূপ আবহাওয়ার কারণে জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টির ২০২৫-২৬ মৌসুমের ম্যাচগুলো স্থগিত করেছে টেকনিক্যাল কমিটি। টুর্নামেন্ট পুনরায় শুরুর সময়সূচি যথাসময়ে জানিয়ে দেওয়া হবে।'

টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আকরাম খান গণমাধ্যমকে বলেন, 'হ্যাঁ, আমরা টুর্নামেন্ট স্থগিত করেছি। আমরা জেনেছি, ২৫ তারিখ পর্যন্ত আবহাওয়া ভালো থাকবে না। এরপর আমরা আলোচনায় বসে নতুন সূচি নির্ধারণ করবো।'

ইত্তেফাক/জেডএইচ