নিখোঁজ হওয়ার ২৭ ঘণ্টা পর রিতুল ঘোষ (১৪) নামে এক স্কুলছাত্রের লাশ গতকাল শনিবার দুপুরে শহরের ৫ নম্বর খেয়াঘাট এলাকায় শীতলক্ষ্যা নদীতে নোঙ্গর করে রাখা ‘এমবি সজল তন্ময়-২’ নামে একটি জাহাজের ডেক থেকে উদ্ধার করেছে পুলিশ। রিতুল ঘোষ নগরীর দেওভোগ এলাকার দুলাল ঘোষের ছেলে এবং বিদ্যানিকেতন উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র। সে গত শুক্রবার ১১টার দিকে তার চার বন্ধুর সঙ্গে শীতলক্ষ্যায় গোসল করতে গিয়ে নিখোঁজ হয়।
থানা সূত্রে জানা গেছে, এ ঘটনায় রিতুলের চার সহপাঠীকে আটক দেখানো হয়েছে এবং এমবি সজল তন্ময়-২ জাহাজ সংশ্লিষ্ট ৯ জনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেয়া হয়েছে। জাহাজটি জব্দ করেছে সদর মডেল থানা পুলিশ। সদর মডেল থানা পুলিশের অফিসার-ইন-চার্জ মো. কামরুল ইসলাম রিতুলের পরিবারের বরাত দিয়ে জানিয়েছেন, গত শুক্রবার ১১টার দিকে রিতুল তার চার সহপাঠী বন্ধুর সাথে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে গিয়ে আর বাড়ি ফেরেনি। পরে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের লোকজন তল্লাশি করতে গিয়ে এমবি সজল তন্ময়-২ নামক জাহাজের ডেক থেকে রিতুলের লাশ উদ্ধার করে। ওসি বলেন, রিতুলের সহপাঠী আটক চারজন জানিয়েছে, নদীতে গোসল করার সময় তারা জাহাজ থেকে লাফিয়ে নদীতে পড়ছিল। এসময় তারা একে অপরকে ধাক্কা দিয়ে নদীতে ফেলে। কিন্তু একটা পর্যায়ে রিতুলের কোনো খোঁজ না পেয়ে তারা নিজ নিজ বাসায় ফিরে যায়।
