মানুষ পিটিয়ে মারার পেছনেও বিএনপির হাত আছে :কাদের

আপডেট : ২৭ জুলাই ২০১৯, ২২:০৫

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, বিএনপির কেন্দ্রীয় কার্যালয় এখন গুজবের কারখানা। তারা সেখান থেকে অপপ্রচার চালাচ্ছে, গুজব রটাচ্ছে। গুজব ছড়িয়ে মানুষকে পিটিয়ে মারার পেছনেও বিএনপির নেতাদের হাত আছে। গতকাল শনিবার ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনের সামনে স্বেচ্ছাসেবক লীগের রজত জয়ন্তি উপলক্ষে শোভাযাত্রা-পূর্ব সমাবেশে তিনি আরো বলেন, দেশকে অস্থিতিশীল করার জন্য দেশে-বিদেশে ষড়যন্ত্র করা হচ্ছে। একটি মহল দেশের মধ্যে ও দেশের বাইরে গুজব আতঙ্ক ছড়িয়ে দিচ্ছে।

ওবায়দুল কাদের বলেন, আন্দোলনে ও নির্বাচনে ব্যর্থ, তারা আজ তাদের নেত্রীর জন্য হা-হুতাশ করছে। তাদের নেত্রীর শারীরিক অবস্থা যতটা না খারাপ, তার চেয়ে বেশি অপপ্রচার করছে। সরকারের কাছে এই বিষয়ক তথ্য থাকার দাবি করে তিনি বলেন, আমরা জানি, তারা কী করছে, কোথায় বসে ষড়যন্ত্র হচ্ছে? তিনি বলেন, বিএনপি নেতারা খালেদা জিয়ার মুক্তির জন্য কোনো আন্দোলন করতে পারেনি। এখন মিথ্যাচারই তাদের একমাত্র পুঁজি।

সাম্প্রদায়িক শক্তি দেশের অভ্যন্তরে নানা ষড়যন্ত্রে লিপ্ত আছে জানিয়ে তা প্রতিরোধে আওয়ামী লীগের সবাইকে সজাগ থাকার আহ্বান জানান ওবায়দুল কাদের। তিনি বলেন, বিদেশে বাংলাদেশের নাগরিক হয়ে দেশের বিরুদ্ধে যারা কথা বলছে, এদের  কোনো যোগসূত্র আছে কি না, এই বিষয়টি আমাদের গভীরভাবে খতিয়ে দেখতে হবে। ডেঙ্গু মোকাবিলায় সরকার কাজ করে যাচ্ছে বলেও তিনি জানান।

স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীদের উদ্দেশ্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, দেশের বিরুদ্ধে চালানো এসব অপপ্রচার ও ষড়যন্ত্রের বিরুদ্ধে জবাব দিতে হলে স্বেচ্ছাসেবক লীগকে আরো সুশৃঙ্খলভাবে গড়ে তুলতে হবে। দেশের তৃণমূল থেকে এ সংগঠনকে আরো শক্তিশালী করে গড়ে তুলতে হবে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়ের জন্মদিন উপলক্ষে তাকে অভিনন্দন জানান। এর আগে সজীব ওয়াজেদ জয়ের জন্মদিনের কেক কাটেন সংগঠনটির নেতাকর্মীরা।

স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা মোহাম্মদ আবু কাউসারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথ এমপি প্রমুখ। এর আগে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পায়রা ও বেলুন উড়িয়ে শোভাযাত্রার উদ্বোধন করেন ওবায়দুল কাদের।