বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এ কে মাহবুব হক জানিয়েছেন, খালেদা জিয়া ভালো আছেন এবং তাঁর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। গতকাল শনিবার দুপুরে বিএসএমএমইউতে খালেদা জিয়ার চিকিত্সার বিষয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। ব্রিগেডিয়ার জেনারেল মাহবুব জানান, যে অবস্থায় তাঁকে হাসপাতালে আনা হয়েছিল, তিনি তার চেয়ে ভালো আছেন। দাঁতের সমস্যার চিকিত্সা দেওয়া হয়েছে।
বিএসএমএমইউর কেবিন ব্লকে চিকিত্সাধীন খালেদা জিয়ার দাঁতে কিছু সমস্যা দেখা দিলে গতকাল শনিবার তাঁকে হাসপাতালটির দন্তরোগ বিভাগে নেওয়া হয়। এজন্য দুপুর দেড়টার দিকে কড়া পাহারায় তাঁকে কেবিন ব্লক থেকে বের করা হয়। সেখান থেকে একটি মাইক্রোবাসে করে নিয়ে যাওয়া হয় হাসপাতালটির আরেকটি ব্লকে অবস্থিত দন্ত বিভাগে। পরীক্ষা-নিরীক্ষা শেষে দুপুর সোয়া ২টার দিকে কড়া নিরাপত্তায় তাঁকে আবারও কেবিন ব্লকে ফিরিয়ে নেওয়া হয়।
এদিকে খালেদা জিয়াকে কেবিন থেকে বের করার খবরে সেখানে সাংবাদিকসহ দলের নেতাকর্মীরা ভিড় করেন। হাসপাতালে নেওয়া হয় কড়া নিরাপত্তা। এ সময় হুইল চেয়ারে বসা খালেদা জিয়ার পরনে ছিল গোলাপি রঙের শাড়ি আর চোখে ছিল চশমা। পুরোটা সময়ই হুইল চেয়ারে বসেছিলেন বিএনপি প্রধান।
দন্তরোগ বিভাগে বিএসএমএমইউর ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেসিয়াল বিভাগের প্রধান অধ্যাপক ডা. কাজী বিল্লুর রহমান খালেদা জিয়ার চিকিত্সার তত্ত্বাবধান করেন।
চিকিত্সকরা জানিয়েছেন, খালেদা জিয়ার দাঁতের মাড়িতে ইনফেকশন হয়েছিল। যে দাঁতের মাড়িতে ইনফেকশন হয়েছিল সেই দাঁতটা ধারালো ছিল। সেটা ভোঁতা করা হয়েছিল। এখন সেটা আবার ধারালো হয়ে মাড়িতে ইনফেকশন দেখা দিয়েছে। ধারালো অংশটি গ্রাইন্ডিং করে সমান করে দেওয়া হয়েছে।
বিএসএমএমইউর পরিচালক জানান, চিকিত্সার পর বেগম খালেদা জিয়া জানিয়েছেন তিনি ভালো আছেন ও ভালো বোধ করছেন। চিকিত্সকরা আশা করছেন দ্রুত তাঁর ক্ষত সেরে যাবে। তাঁর বাকি দাঁতগুলোও পরীক্ষা করে দেখা হয়েছে। সেগুলোর নার্ভ মোটামুটি ভালো আছে, তবে কয়েকটি দাঁতে ভবিষ্যতে ফিলিং করা হতে পারে।
ব্রিফিংয়ে বিএসএমএমইউর পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এ কে মাহবুব হক বলেন, আপনারা জানেন যে তাঁর (খালেদা জিয়ার) কিছু ক্রনিক অসুখ রয়েছে। সেগুলো তো আর রাতারাতি ভালো হবে না। তবে তিনি ইমপ্রুভিং করছেন। কমফোর্টেবল আছেন। যে রকম এখানে এসেছিলেন, তার চেয়ে ভালো আছেন।
উল্লেখ্য, পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডে পুরোনো কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হওয়ায় চিকিত্সার জন্য গত ১ এপ্রিল খালেদা জিয়াকে বিএসএমএমইউয়ে আনা হয়। এরপর থেকে তিনি এখানে রয়েছেন। দুর্নীতির মামলায় দণ্ড নিয়ে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দেড় বছরের বেশি সময় ধরে কারাগারে রয়েছেন।
