বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গুলী গতকাল শনিবার টাঙ্গাইলের মির্জাপুরে আর্তমানবতার সেবায় প্রতিষ্ঠিত কুমুদিনী কমপ্লেক্স পরিদর্শন করেছেন। বেলা ১১টার দিকে ভারতীয় হাইকমিশনার তার সহকর্মী ও পরিবারের সদস্যসহ কুমুদিনী কমপ্লেক্সে এসে পৌঁছালে কুমুদিনী পরিবারের সদস্যরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান। কুমুদিনী হাসপাতালের লাইব্রেরি মিলনায়তনে চা-চক্রের পর তিনি কুমুদিনী কমপ্লেক্সের আবাসিক ছাত্রীদের জন্য নবনির্মিত আটতলা ভবনের উদ্বোধন করেন। এরপর তিনি কুমুদিনী কমপ্লেক্সের বিভিন্ন সেবাধর্মী ইউনিট ঘুরে দেখেন। দুপুর একটার দিকে তিনি নারী শিক্ষা ও নারী জাগরণের অন্যতম প্রতিষ্ঠান ভারতেশ্বরী হোমসের ছাত্রীদের অংশগ্রহণে মনোজ্ঞ ডিসপ্লে ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন। পরে দানবীর রণদা প্রসাদ সাহার পৈতৃক নিবাস মির্জাপুর গ্রাম পরিদর্শন করেন রিভা গাঙ্গুলী।
রিভা গাঙ্গুলী বলেন, দানবীর রণদা প্রসাদ সাহা ছিলেন একজন শিক্ষানুরাগী, দেশপ্রেমিক ও মানবসেবার অনন্য দৃষ্টান্ত। তার সেবাধর্মী সব শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষার আলো ছড়িয়ে যাচ্ছে। তিনি কুমুদিনী হাসপাতাল, কুমুদিনী উইমেন্স মেডিক্যাল কলেজ, কুমুদিনী নার্সিং স্কুল অ্যান্ড বিএসসি নার্সিং কলেজ ও ভারতেশ্বরী হোমসের নিয়ম-শৃঙ্খলা, চিকিত্সাসেবার মান, শিক্ষার পরিবেশ ও সাংস্কৃতিক চর্চার পরিবেশ দেখে প্রশংসা করেন। ভারত সরকারের পক্ষ থেকে কুমুদিনী পরিবারকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন তিনি। এ সময় কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট অব বেঙ্গল (বিডি) লি.-এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রাজীব প্রসাদ সাহা, পরিচালক (শিক্ষা) প্রতিভা মুত্সুদ্দি, শ্রীমতি সাহা, সম্পা সাহা, কুমুদিনী হাসপাতালের পরিচালক ডা. প্রদীপ কুমার রায়, এজিএম (অপারেশন) অনিমেশ ভৌমিক লিটন, কুমুদিনী উইমেন্স মেডিক্যাল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. এম এ হালিম, ভারতেশ্বরী হোমসের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল অমলেন্দু সাহা, সিনিয়র ভাইস প্রিন্সিপাল গোলাম কিবরিয়া, কুমুদিনী নার্সিং স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল সিস্টার রীনা ক্রুস, মেট্রন সিস্টার দীপালি পেরেরা, মির্জাপুর থানার ওসি মো. সায়েদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
