হজ করে আসার পরও কর্মকর্তাদের স্বভাবের পরিবর্তন হচ্ছে না ----- এনবিআর চেয়ারম্যান

আপডেট : ২৭ জুলাই ২০১৯, ২২:২৬

এনবিআর চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া বলেছেন, বড়ো বাজেটের জন্য বড়ো রাজস্ব দরকার। তাই যাদের জন্য ভ্যাট প্রযোজ্য, তাদের সবাইকে ভ্যাটের আওতায় আসা উচিত। কর্মকর্তাদের দ্বারা ব্যবসায়ীদের হয়রানির প্রসঙ্গে তিনি বলেন, আপনারা কর্মকর্তাদের সঙ্গে সমঝোতায় না গিয়ে, আমাদের জানান, কোন অফিসার হয়রানি করছে। তাকে আমরা শক্ত হাতে ধরব। এ সময় কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, অনেকে হজ করতে যায়। হজের মৌসুমে অনেককে ছুটি দিতে হয়। হজ করে আসার পরও তো তাদের স্বভাবের পরিবর্তন হচ্ছে না, আমরা আর কী করতে পারি ?

গতকাল শনিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (ডিসিসিআই) আয়োজিত এক কর্মশালায় এনবিআর চেয়ারম্যান এসব কথা বলেন। নতুন ভ্যাট আইন সম্পর্কে ব্যবসায়ীদের সচেতন করার উদ্দেশ্যে ঐ কর্মশালার আয়োজন করে ডিসিসিআই।

অগ্রিম করের পক্ষে যুক্তি তুলে ধরে এনবিআর চেয়ারম্যান বলেন, হিসাবপত্র  সঠিকভাবে জমা দিয়ে অগ্রিম করের অর্থ ফেরত পাওয়া যাবে। তিনি বলেন, কাগজপত্র বা হিসাবপত্র রাখবেন না, তা হবে না।

চলতি মাস থেকে নতুন ভ্যাট আইন (মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন) বাস্তবায়ন হয়েছে। সব ধরনের পণ্য ও সেবায় ১৫ শতাংশের একক হার না রেখে বেশকিছু পণ্য ও সেবায় হ্রাসকৃত হারসহ কয়েকটি ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে। তা সত্ত্বেও নতুন করে কাঁচামাল আমদানিতে অগ্রিম কর (অগ্রিম ভ্যাটের আদলে) আরোপ করা হয়েছে। অন্যদিকে হ্রাসকৃত হারের ভ্যাটে রেয়াত নেওয়ার সুযোগ নেই। ব্যবসায়ীরা বলছেন, এ কারণে বাজারে পণ্যমূল্য বাড়তে পারে। কর্মশালায় এ ইস্যুটি তোলেন সংগঠনটির সভাপতি ওসামা তাসীর।

তিনি বলেন, অগ্রিম কর অব্যাহতি এবং ১৫ শতাংশের ন্যায় ৫ থেকে ১০ শতাংশ পর্যন্ত ভ্যাটের ক্ষেত্রে রেয়াত প্রদান ও জীবন রক্ষাকারী ওষুধ ভ্যাটের আওতামুক্ত রাখার অনুরোধ করছি। তা না হলে নিত্যব্যবহার্য দ্রব্যে মূল্যস্ফীতি দেখা দিতে পারে।

সংগঠনের সভাপতি ওসামা তাসীরের সভাপতিত্বে দিনব্যাপী ঐ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন এনবিআর চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন এনবিআর সদস্য শাহনাজ পারভীন, ডিসিসিআই সহ-সভাপতি ওয়াকার আহমেদ চৌধুরী, ইমরান আহমেদ প্রমুখ।