ইউএনওর স্ত্রীর ফোন পানিতে এবং...

আপডেট : ২৭ জুলাই ২০১৯, ২২:২৯

মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তার স্ত্রীকে নিয়ে যান বন্যার পানি দেখাতে। বন্যা দেখবেন, কিন্তু সেলফি তুলবেন না তা কী হয়? আর সে কাজটি করতে গিয়ে সাধের মোবাইল ফোনটি হাত ফসকে গিয়ে পড়ল পানিতে। সেই ‘লাখ টাকার’ মোবাইল ফোন উদ্ধারে ঝাঁপিয়ে পড়েন ফায়ার সার্ভিসের ডুবুরিদল। অবশেষে একদিন পর পানি থেকে উদ্ধার হলো মোবাইল ফোনটি। ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে। 

জানা গেছে, মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম গত বৃহস্পতিবার বিকালে উপজেলার সিধুলী ইউনিয়নের চরলোটাবর গ্রামে বন্যার পানি দেখতে যান। সঙ্গে ছিল তার স্ত্রী। ওই স্থানে একটি ব্রিজে দাঁড়িয়ে স্ত্রীর সাথে মোবাইল ফোনে সেলফি তুলতে যান। এ সময় অসাবধানতাবশত হাত ফসকে ফোনটি পানিতে পড়ে যায়। মোবাইল সেটটি পড়ে যাওয়ায় ইউএনও দম্পতির  মন খারাপ হয়। সঙ্গে সঙ্গে ইউএনও স্থানীয় ফায়ার সার্ভিসকে খবর  দেন। মাদারগঞ্জ ফায়ার সার্ভিস ডুবুরির জন্য জামালপুর ফায়ার সার্ভিসকে খবর দেয়। একদিন পর শুক্রবার   মাদারগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন অফিসার সুমন মিয়ার নেতৃত্বে ৬ সদস্যের একটি ডুবুরির দল বহুকষ্টে কয়েক ঘণ্টা অভিযান চালিয়ে মোবাইলটি উদ্ধার করে। এই দৃশ্য দেখার জন্য ব্রিজের দুপাশে কয়েকশ উত্সুক মানুষ জড়ো হয়।

মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম ঘটনাটি স্বীকার করে বলেছেন, মোবাইলটি তার স্ত্রীর খুব প্রিয়। তাই উদ্ধার করার জন্য ফায়ার সার্ভিসের সাহায্য নেওয়া হয়েছে।