সাভারে নদীতে গোসল করতে নেমে তিন কলেজছাত্র নিখোঁজ

আপডেট : ২৭ জুলাই ২০১৯, ২২:২৯

সাভারে বন্ধুর বাড়ি বেড়াতে এসে পার্শ্ববর্তী নদীতে গোসল করতে নেমে রাজধানীর তিন কলেজছাত্র নিখোঁজ হয়েছে। গতকাল শনিবার দুপুরে পশ্চিম ব্যাংকটাউন এলাকায় ধলেশ্বরী শাখা নদীতে এ ঘটনা ঘটে। নিখোঁজরা হচ্ছে, রাজধানীর ধানমন্ডির আইডিয়াল কলেজের বিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্র মেহেদী (১৭), রাজন (১৭) ও বাণিজ্য বিভাগের ছাত্র আকাশ (১৮)।

ঘটনার প্রত্যক্ষদর্শী নিখোঁজ তিন ছাত্রের সহপাঠী মোকাদ্দিম হোসেন জানায়, আমরা সকালে  ধানমন্ডি আইডিয়াল কলেজে ক্লাস করতে যাই। কিন্তু কলেজে পৌঁছাতে দেরি হওয়ায় আমরা ১২ জন বন্ধু সাভারে সহপাঠী আকাশের এলাকায় বেড়াতে যাই। সাভারে এসে বন্ধুরা মিলে নদীতে গোসল করার সিদ্ধান্ত নিয়ে ব্যাংকটাউন ব্রিজের কাছে নদীর তীরে যাই। এসময় আমি সাঁতার না জানায় আমার কাছে ব্যাগ ও জিনিসপত্র দিয়ে বাকি সবাই নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে তীব্র সে াতের টানে মেহেদী, রাজন, আকাশ, জিহাদুল ও মানিক পানিতে তলিয়ে যেতে থাকে। এসময় স্থানীয় লোকজন জিহাদুল ও মানিককে উদ্ধার করতে পারলেও মেহেদী, রাজন ও আকাশ নদীতে তলিয়ে যায়। পরে খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিস ঘটনাস্থলে আসে। সাভার ফায়ার সার্ভিসের ইনচার্জ লিটন আহমেদ জানান, তাদের ডুবুরিরা নদীতে নিখোঁজ তিন জনকে উদ্ধারে তল্লাশি চালিয়ে যাচ্ছে।