সৌদিতে বাংলাদেশি হত্যায় তিন জনের মৃত্যুদণ্ড কার্যকর

আপডেট : ২৭ জুলাই ২০১৯, ২২:৩০

সৌদি আরবে বাংলাদেশি মোহাম্মদ সেলিম (৫০) হত্যার দায়ে তিন জনকে মৃত্যুদণ্ড দিয়েছে সে দেশের হাফরুল বাতিন জেলা আদালত। আসামিরা  হলেন—আব্দুর রহমান বিন সুলতান বিন আব্দুর রহমান আদদুয়াইশ আস সাউদি, ইলান আলী আব্দুল্লাহ আল ইয়ামানি ও আহমদ হাসান বশির আদওয়ালী।

জানা গেছে, রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়নের কদমতলী গ্রামের মৃত আহমদ সৈয়দের ছেলে মোহাম্মদ সেলিম প্রকাশ শেলু সৌদী আরবের হাফার আল বাতেন জেলায় তরিতরকারি ও ফলের ব্যবসা করতেন। ২০১৫ সনের ১৫ ফেব্রুয়ারি এক সৌদী ও দুই ইয়েমেনি নাগরিক মিলে সেলিমকে অপহরণের পর খুন করে লাশ গুম করে।  এ ঘটনায় স্থানীয় পুলিশ ঐ তিন জনকে গ্রেফতার করে। পুলিশ গ্রেফতারকৃতদের স্বীকারোক্তিরভিত্তিতে বালুর নিছে চাপা দেওয়া সেলিমের লাশ উদ্ধার করে। খুনের ঘটনায় গত ১৯ জুন তিন জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

নিহতের পরিবার দীর্ঘদিন পর স্বজন হত্যাকাণ্ডের বিচারের খবর জানেন এবং মামলার রায়ের কপি সংগ্রহ করেন। নিহত সেলিমের ভাই জাহাঙ্গীর আলম ও ভগ্নিপতি আবুল বসর তালুকদার হত্যার বিচারে সন্তোষ প্রকাশ করে সৌদি সরকারের নিকট কৃতজ্ঞতা জানান।