বাগেরহাটে পানিতে ডুবে দাদা-নাতির মৃত্যু

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৫, ২০:০৫

বাগেরহাটের চিতলমারী উপজেলায় পুকুরের পানিতে ডুবে দাদা ও নাতির মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার শিবপুর গ্রামে এ ঘটনা ঘটে।

পানিতে ডুবে মৃতরা হলেন- চিতলমারী থানার উত্তর শিবপুর গ্রামের নুর জামানের ছেলে নুর কাদের মোল্লা (৯) এবং তার দাদা শাহজাহান মোল্লা (৮০)।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ দুপুরে পুকুরে গোসল করতে নামে দাদা বাড়িতে বেড়াতে আসা শিশু নূর কাদের মোল্লা। পুকুর থেকে শিশুটি উঠতে পারছিল না দেখে দাদা শাহাজাহান মোল্লা উঠাতে আসলে তিনিও পানিতে ডুবে যান। পরে স্থানীয় বাসিন্দারা দাদা ও নাতিকে উদ্ধার করে চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

চিতলমারী থানার উপ-পরিদর্শক এসআই মো. ফয়সাল বলেন, স্থানীয়রা তাদের দুইজনের মরদেহ উদ্ধার করেছে। পারিবারিক কবরস্থানে তাদের দাফনের প্রস্তুতি চলছে।

ইত্তেফাক/এমএএস