রূপগঞ্জে পেপার মিলে গ্যাস লাইনে বিস্ফোরণ, নিহত এক চার জন গুরুতর আহত

আপডেট : ২৮ জুলাই ২০১৯, ০০:০৯

গতকাল শনিবার বিকালে রূপগঞ্জের হাটাবো এলাকায় পারটেক্স গ্রুপের প্রতিষ্ঠান পারটেক্স পেপার মিলে গ্যাস পাইপলাইনে বিস্ফোরণের ঘটনায় এবাদত হোসেন (৩৮) নামে এক ওয়েল্ডার ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এসময় আরো ৪ জন গুরুতর আহত হন। আহতদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত এবাদত খুলনার দৌলতপুর থানার মহেশ্বরপাশা এলাকার মৃত বেলায়েত হোসেনের ছেলে। আহতদের নাম আতিকুল্লাহ মিঠু, মহসীন, আবু তাহের ও বাবুল ওরফে ক্যাপ বাবুল যিনি স্থানীয় বিভিন্ন ফ্যাক্টরিতে গ্যাসের ঠিকাদারের কাজ করেন।    

কারখানা কর্তৃপক্ষ ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে কাঞ্চন ফায়ার সার্ভিসের ইনচার্জ আব্দুল মান্নান জানান, পারটেক্স পেপার মিলের মালিকপক্ষ নতুন গ্যাস সংযোগ নেওয়ার জন্য ঠিকাদার বাবুল ওরফে ক্যাপ বাবুলকে নিয়োগ করে। তিতাস গ্যাস অফিস থেকে নিয়মানুযায়ী গ্যাস সংযোগের অনুমতি নেওয়া হয়। ১৫০ পিএসআইজি প্রেসারের লাইনের ফাইলটি অনুমোদন করা হয়। শনিবার বেলা পৌনে ৩টার দিকে নির্মাণাধীন আরএমএস কক্ষে বাবুল ও তার লোকজন পাইপলাইনে কাজ করছিলেন। এসময় হঠাত্ করে গ্যাস লাইনের পাইপ ফেটে গিয়ে বিস্ফোরিত হয়। এসময় আরএমএস কক্ষের টিনের চালা ও দেওয়াল ভেঙে যায়। বিস্ফোরণের শব্দে আশ-পাশের এলাকা কেঁপে ওঠে। গ্যাস ১০ থেকে ১৫০ ফুট উঁচুতে উঠে যায়। এতে পুরো এলাকার লোকজন আতঙ্কিত হয়ে পড়ে। লোকজন ছুটাছুটি করতে শুরু করে। খবর পেয়ে কাঞ্চন ফায়ার সার্ভিস ও জোবি-অ সোনারগাঁও যাত্রামুড়া কার্যালয়ের একটি দল, থানা পুলিশ ও ইন্ডাস্ট্রিয়াল পুুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পরে ভুলতায় অবস্থিত তিতাস গ্যাসের ডিআরএস থেকে মূল পাইপলাইনের গ্যাস সংযোগ বন্ধ করে দেওয়া হয়। গ্যাস বন্ধ হওয়ায় প্রায় ৩০ গ্রামের গ্রাহকেরা সমস্যায় পড়ে যান।

তিতাসের আঞ্চলিক কার্যালয়ের বিক্রয় শাখার উপব্যবস্থাপক মেজবাউর রহমান বলেন, পারটেক্স পেপার মিলের নতুন সংযোগটির অনুমোদন হয়েছে। এ সংযোগটিতে তিতাস গ্যাস অফিসের প্রধান কার্যালয়ের কনস্ট্রাকশন বিভাগের (পিসিডি) কাজ করার কথা। বিষয়টি তাদের অধীনে। তিতাসের আঞ্চলিক কার্যালয় সোনারগাঁও-এর ভারপ্রাপ্ত ব্যবস্থাপক নিপেন্দ্রনাথ বিশ্বাস বলেন, দুর্ঘটনাকবলিত গ্যাস পাইপলাইনটি মেরামতের আগ পর্যন্ত ভুলতা ডিআরএসের আওতাধীন এলাকাগুলোতে গ্যাস সংযোগ বন্ধ থাকবে। দ্রুত মেরামত করে পুনরায় গ্যাস সংযোগ চালু করা হবে।

পারটেক্স পেপার মিলের কর্মকর্তা সিদ্দিক মোল্লা বলেন, তিতাস গ্যাসের নিয়োজিত ঠিকাদার ও তিতাস কর্মকর্তারা গ্যাস সংযোগের কাজ করতে গেলে এ দুর্ঘটনা ঘটে। এ ব্যাপারে আমরা কিছু বলতে পারবো না।

রূপগঞ্জ থানার উপপরিদর্শক শফিক আহম্মেদ বলেন, এ বিষয়ে তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।