১০ দিন পর বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০

টানা ১০ দিন পানি ছাড়ার পর রাঙ্গামাটির কাপ্তাই বাঁধের ১৬টি গেট (জলকপাট) বন্ধ করে দেওয়া হয়েছে। হ্রদের পানি কমায় শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৮ টায় দিকে এসব জলকপাট বন্ধ করে দেওয়া হয়।

জলকপাট বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান।

এর আগে ১০ সেপ্টেম্বর টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে রাঙ্গামাটির কাপ্তাই হ্রদের পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হতে শুরু করে। পরে সেদিনই বাঁধের ১৬ জলকপাট খুলে দেওয়া হয়। এতে সাড়ে তিনফুট খুলে দিয়ে ৬৩ হাজার কিউসেক পানি ছাড়া হচ্ছিলো।

বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান বলেন, হ্রদে বর্তমানে পানি আছে ১০৮ দশমিক ২২ ফুট মিনস সি লেভেল। বর্তমানে পাঁচটি ইউনিটে বিদ্যুৎ উৎপাদনের জন্য ৩২ হাজার কিউসেক পানি নিষ্কাশিত হচ্ছে এবং ২২২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে।

আগের দফায় কাপ্তাই হ্রদের পানি বাড়ায় গত ২০ আগস্ট রাত ৮ টা থেকে ১৬ জলকপাট খুলে পানি ছাড়া হয়। সেই বার একটানা চারদিন পানি ছাড়ার পর ২৩ আগস্ট বিকেল ৫টায় পানি ছাড়া বন্ধ ঘোষণা করে কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্র।

তাছাড়া গত ০৪ আগস্ট কাপ্তাই হ্রদের ১৬ জলকপাট খুলে পানি ছাড়া হয়। একটানা আটদিন পানি ছাড়ার পর ১২ আগস্ট সকাল ৮টায় কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট দিয়ে পানি ছাড়া বন্ধ ঘোষণা করে কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্র।

ইত্তেফাক/এপি