প্রবল বর্ষণে অচল ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাই। রাস্তাঘাট পানিতে ডুবে গেছে। গাড়ি চলাচল ব্যাহত। সৃষ্টি হয়েছে ব্যাপক যানজট। বাসার ভেতরে পানিবন্দি অসংখ্য মানুষ। বিপদগ্রস্ত মানুষজনকে উদ্ধারে মাঠে নেমেছে ভারতীয় সেনাবাহিনী, এনডিআরএফ এবং নৌবাহিনীর সদস্যরা। এদিকে মুম্বাইয়ে আগামী ২৪ ঘন্টায় আরো বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ফলে পরিস্থিতির আরো অবনতির আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা। মুম্বাইয়ের অদূরে কল্যাণ এলাকায় একটি বাড়িতে আটকে পড়া বাসিন্দাদের উদ্ধার করেছে বিমান বাহিনী। বিমান বাহিনী গর-১৭ হেলিকপ্টারের সাহায্যে ওই ভবনের ৯ সদস্যকে উদ্ধার করে। এর আগে গতকাল দুপুরে বদলাপুর ও ভানগানির মাঝে আটকে পড়ে মুম্বাই-কোলাপুর মহালক্ষ্মী এক্সপ্রেস। আটকে পড়েন প্রায় ৭০০ যাত্রী। স্থানীয় প্রশাসনের সঙ্গে মিলে যাত্রীদের উদ্ধার করে এনডিআরএফ, ভারতীয় নৌ বাহিনী এবং সেনাবাহিনী। -ইন্ডিয়া টাইমস
