ইউপিইউ কাউন্সিলে বাংলাদেশ পুনর্নির্বাচিত হওয়ায় প্রধান উপদেষ্টার অভিনন্দন

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৫, ১৫:০৭

ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়নের (ইউপিইউ) প্রশাসনিক কাউন্সিল (সিএ)-এ বাংলাদেশ পুনর্নির্বাচিত হওয়ায় সংশ্লিষ্ট প্রতিনিধিদলকে অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

এর আগে, বৃহস্পতিবার সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত ইউপিইউ কাউন্সিলের নির্বাচনে ১৫৭ ভোটের মধ্যে ৯৭ ভোট পেয়ে নির্বাচিত হয় বাংলাদেশ। ১০ সদস্যের মধ্যে নবম স্থান অর্জন করে। এতে টানা দ্বিতীয়বারের মতো চার বছরের জন্য কাউন্সিলের সদস্যপদ পায় বাংলাদেশ।

বার্তায় বলা হয়, এর আগের মেয়াদে বাংলাদেশ সীমিত ভূমিকা রেখেছিল। ২০২১ সালের নভেম্বরে মাত্র একটি সরাসরি বৈঠকে অংশ নেয়, বাকি কার্যক্রমে ভার্চুয়ালি যুক্ত ছিল। তাই উল্লেখযোগ্য অবদান রাখার তেমন সুযোগ ছিল না।

এতে আরও জানানো হয়, সীমিত অংশগ্রহণ পুনর্নির্বাচনের পথে বাধা হতে পারে কিনা এ আশঙ্কা তৈরি হয়েছিল। তবে সমন্বিত কূটনৈতিক প্রচেষ্টায় বাংলাদেশ সেই চ্যালেঞ্জ অতিক্রম করতে সক্ষম হয়েছে। এ ফলাফলকে কূটনৈতিক সাফল্য হিসেবে উল্লেখ করেছেন সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ।

ইত্তেফাক/এনটিএম