সংসদ নির্বাচনে জেতার সম্ভাবনা নেই এমন দলই পিআর পদ্ধতির দাবি তুলছে: মেজর হাফিজ

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৫, ২১:৪৮

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম বলেছেন, জনগণের কাছে গ্রহণযোগ্যতা নেই এমন কিছু রাজনৈতিক দল পিআর (প্রপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতির অজুহাতে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। প্রকৃতপক্ষে, যেসব দলের সংসদ নির্বাচনে জয়ের কোনো বাস্তব সম্ভাবনা নেই, তারাই পিআর পদ্ধতির দাবি তুলছে।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় ভোলা-৩ আসনের তজুমদ্দিন উপজেলা হলরুমে আয়োজিত এক কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, প্রধান উপদেষ্টা ও নির্বাচন কমিশন আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়ে ইতোমধ্যে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটিয়েছেন।

মেজর হাফিজ আরও বলেন, দেশের বর্তমান আইন-শৃঙ্খলার চরম অবনতি স্পষ্ট করে দিয়েছে যে, অনির্বাচিত সরকার কখনোই দেশের উন্নয়ন সাধন করতে পারে না। এ জন্যই নিরপেক্ষ সরকার উপলব্ধি করেছে—সংবিধান অনুযায়ী নির্বাচনই বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণের একমাত্র পথ।

তিনি বলেন, ১৭ বছর পর দেশের মানুষ একটি সুষ্ঠু, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে যাচ্ছে। এই নির্বাচন আয়োজনের জন্য নিরপেক্ষ সরকারের গৃহীত পদক্ষেপকে স্বাগত জানায় বিএনপি।

তিনি আরও মন্তব্য করেন, জনগণের আস্থা অর্জন ছাড়া কোনো রাজনৈতিক দলের টিকে থাকা সম্ভব নয়। কাজেই জনগণের মন জয় করাই এখন রাজনীতির মূল চ্যালেঞ্জ।

ইত্তেফাক/আইএ