লখনউয়ের মেন্টরের পদ ছাড়লেন জহির খান 

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৫, ২১:৩৫

আগে থেকেই গুঞ্জন ছিল আইপিলের দল লখনউ সুপার জায়ান্টসের মেন্টরের পদ ছাড়ছেন জহির খান। অবশেষে সেই গুঞ্জনই সত্যি হয়েছে। দায়িত্ব নেওয়ার এক বছর পরেই মেন্টরের পদ থেকে সরে দাঁড়ালেন ভারতের সাবেক এই তারকা পেসার। এক প্রতিবেদনে এমনটা জানিয়েছে ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো

ক্রিকইনফোর খবরে বলা হয়েছে, গতকাল বৃহস্পতিবার লখনউকে নিজের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন জহির খান। অর্থাৎ, আসন্ন মৌসুমে লখনউয়ের ডাগ আউটে আর দেখা যাবে না ভারতের সাবেক এই পেসারকে।

Captain Rishabh Pant and mentor Zaheer Khan after LSG's second loss in three matches, Lucknow Super Giants vs Punjab Kings, IPL, Lucknow, April 1, 2025

মূলত দলের মালিক সঞ্জীব গোয়েন্‌কা ও প্রধান কোচ জাস্টিন ল্যাঙ্গারের সঙ্গে মতের মিল হচ্ছিল না জহিরের। তবে লখনউয়ের অধিনায়ক ঋষভ পন্থের সঙ্গে জহিরের সম্পর্ক বেশ ভালো। কিন্তু গত মৌসুমে লখনউ ভালো ক্রিকেট খেলতে পারেনি। তার একটা বড় কারণ দলের বোলিং আক্রমণ।

লখনউয়ের বোলিং আক্রমণ সাজানোর দায়িত্ব ছিল জহিরের। তার পারফরম্যান্সে খুশি ছিলেন না দলটির মালিক। পরে নিজেও আর সেখানে থাকতে চাননি জহির। তাই নিজের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন তিনি।

ইত্তেফাক/জেডএইচ