রাঙ্গামাটির কাপ্তাই হ্রদ থেকে হারুন-উর-রশিদ (৫০) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।
শনিবার (২০ সেপ্টেম্বর) ভোরে জেলা শহরের রিজার্ভবাজার চম্পানিরমার টিলা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
রাঙ্গামাটি কোতয়ালী থানার ওসি মো. সাহেদ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার দিবাগত রাত ১২ টার দিকে নিজ বাড়ির বারান্দা থেকে কাপ্তাই হ্রদে ঝাঁপ দেয় হারুন উর রশিদ। প্রথমবার হ্রদে ঝাঁপিয়ে পড়ে উঠে আসলেও পরের বার ঝাঁপ দিয়ে আর উঠে আসেনি। এরপর পরিবারের স্বজনরা অনেক খোঁজাখুজির পর ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেয়। সর্বশেষ শনিবার ভোরে হ্রদ থেকে হারুন-উর-রশিদের মরদেহটি উদ্ধার করা হয়। ওই ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিল বলে জানা গেছে।
ফায়ার সার্ভিস জানায়, কাপ্তাই হ্রদের তীরে হারুন-উর-রশিদের বাড়ি। শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে কাপ্তাই হ্রদের পানিতে ডুবে তিনি নিখোঁজ হন। খবর পেয়ে ভোরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তল্লাশি অভিযান চালিয়ে তার মরদেহ উদ্ধার করে। এরপর সেটি রাঙ্গামাটির কোতোয়ালী থানার পুলিশে হস্তান্তর করা হয়েছে।
ওসি মো. সাহেদ উদ্দিন বলেন, হারুন উর রশিদ মানসিকভাবে অসুস্থ ছিলেন বলে তার পরিবারের সদস্যরা জানিয়েছেন। রাতে বাড়ির বারান্দা থেকে তিনি কাপ্তাই হ্রদে লাফ দেন। অন্ধকারে উদ্ধার অভিযান চালানোর মতো পরিস্থিতি না থাকায় ভোরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তল্লাশি চালায়। এ সময় মরদেহ উদ্ধার হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

