দৈনিক ইত্তেফাকের সাবেক রামগড় মহকুমা প্রতিনিধি ও পার্বত্য চট্টগ্রামের অন্যতম প্রবীণ সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা সুবোধ বিকাশ ত্রিপুরার নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ সেপ্টেম্বর) রামগড় প্রেসক্লাবের উদ্যোগে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়। প্রয়াত সাংবাদিক সুবোধ বিকাশ ত্রিপুরা রামগড় প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন।
শনিবার সন্ধ্যায় প্রেসক্লাবের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত স্মরণসভায় সভাপতিত্ব করেন রামগড় প্রেসক্লাবের সভাপতি ও ইত্তেফাকের খাগড়াছড়ি জেলা প্রতিনিধি মো. নিজাম উদ্দিন লাভলু। এতে বক্তব্য রাখেন মহান মুক্তিযুদ্ধে এক নম্বর সেক্টরের সুবোধ বিকাশ ত্রিপুরার সহযোদ্ধা রামগড় মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মো. আবুল কালাম, খাগড়াছড়ি প্রেসক্লাবে সাবেক সাধারণ সম্পাদক ও এনটিভি’র জেলা প্রতিনিধি আবু তাহের মুহাম্মদ, রামগড় রির্পোটার্স ইউনিটির সভাপতি মো. বাহার উদ্দিন, রামগড় প্রেসক্লাবের সহসভাপতি শুভাশীষ দাশ, সাধারণ সম্পাদক মো. নিজাম উদ্দিন, প্রয়াত সাংবাদিকের পুত্র বিক্রম কিশোর ত্রিপুরাসহ অনেকে।
বক্তারা সুবোধ বিকাশ ত্রিপুরার পার্বত্য চট্টগ্রামে সাংবাদিকতা ও মহান মুক্তিযুদ্ধে তার বীরত্বপূর্ণ অবদানের স্মৃতিচারণ করেন। সভার শুরুতে এক মিনিট দাঁড়িয়ে প্রয়াত সাংবাদিকের প্রতি শ্রদ্ধা জানানো হয়।
উল্লেখ্য, ২০১৬ সালের ২০ সেপ্টেম্বর বার্ধক্যজনিত কারণে তিনি মৃত্যুবরণ করেন।
