দাদাসাহেব ফালকে পুরস্কার পেলেন মালয়ালম সিনেমার কিংবদন্তি অভিনেতা মোহনলাল

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৫, ১৯:০৪

চার দশকেরও বেশি সময় ধরে ভারতীয় সিনেমায় অবদানের স্বীকৃতি হিসেবে ৫৩তম দাদাসাহেব ফালকে পুরস্কার পেলেন মালয়ালম সিনেমার কিংবদন্তি অভিনেতা মোহনলাল। ২০২৩ সালের জন্য ভারতীয় চলচ্চিত্রের সর্বোচ্চ এই সম্মাননার ঘোষণা দিয়েছে ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

শনিবার (২০ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া ঘোষণায় জানানো হয়, দুই প্রজন্ম ধরে মোহনলালের অভিনয়যাত্রা দর্শককে অনুপ্রাণিত করছে। মালয়ালমসহ তেলেগু, তামিল, কন্নড় ও হিন্দি সিনেমায় সমান দক্ষ অভিনয়ের জন্য তাকে এই পুরস্কারে ভূষিত করা হচ্ছে।

 ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ২৩ সেপ্টেম্বর দিল্লিতে অনুষ্ঠিত হবে ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠান, সেখানেই মোহনলালকে সম্মাননা দেওয়া হবে। এ উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনেতাকে শুভেচ্ছা জানিয়েছেন।

পুরস্কারের ঘোষণা আসার পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ কৃতজ্ঞতা প্রকাশ করেন মোহনলাল। তিনি লিখেছেন, ‘দাদাসাহেব ফালকে পুরস্কার পেয়ে আমি সত্যিই বিনীত। এই সম্মান একা আমার নয়, বরং সেই সকল মানুষের, যারা আমার যাত্রাপথে পাশে থেকেছেন। পরিবার, দর্শক, সহকর্মী, বন্ধু ও শুভাকাঙ্ক্ষীরা- তাদের ভালোবাসা, বিশ্বাস আর অনুপ্রেরণাই আমাকে আজকের আমি করে তুলেছে। এই স্বীকৃতি আমি পরম কৃতজ্ঞতা ও পূর্ণ হৃদয়ে ধারণ করছি।’

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে অভিনেতা মোহনলাল। ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও এক্স-এ শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ‘শ্রী মোহনলালজি উৎকর্ষ আর বহুমুখী প্রতিভার প্রতীক। দীর্ঘ চার দশকের ক্যারিয়ারে তিনি মালয়ালম সিনেমা ও নাটকের এক উজ্জ্বল আলোকবর্তিকা হয়ে উঠেছেন। পাশাপাশি তেলেগু, তামিল, কন্নড় ও হিন্দি চলচ্চিত্রেও রেখেছেন অসাধারণ অবদান। তার শিল্পসত্তা ও নিবেদন প্রজন্মকে অনুপ্রাণিত করবে।’

প্রধানমন্ত্রীর বার্তার জবাবে মোহনলাল আরও লিখেছেন, ‘দাদাসাহেব ফালকে পুরস্কার প্রাপ্তি আমার জীবনের এক বিশাল সম্মান। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির  সদয় শুভেচ্ছা ও আশীর্বাদ আমাকে গভীরভাবে অনুপ্রাণিত করেছে। আমি চিরকৃতজ্ঞ সিনেমার প্রতি এবং সেই সব মানুষদের প্রতি, যাদের ভালোবাসা ও সহযোগিতা আমার পথকে আলোকিত করেছে।’

প্রসঙ্গত, চার দশকের ক্যারিয়ারে মোহনলাল এখন পর্যন্ত ৩৫০টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন। মালয়ালম সিনেমার পাশাপাশি তামিল, তেলেগু, হিন্দি ও কন্নড় চলচ্চিত্রেও সমান দক্ষতার পরিচয় দিয়েছেন তিনি। ‘থুদারুম’, ‘দৃশ্যম’, ‘বনপ্রস্থম’, ‘পুলিমুরুগান’সহ একাধিক সিনেমায় তার অভিনয় ভারতীয় চলচ্চিত্রে মাইলফলক হয়ে আছে।

ইত্তেফাক/এসএ