আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে অনুষ্ঠিত হলো ‘এখনই উদ্যোগী হোন শান্তিপূর্ণ বাংলাদেশের জন্য: তরুণদের দৃষ্টিভঙ্গি’ শীর্ষক একটি গোলটেবিল বৈঠক। রোববার (২১ সেপ্টেম্বর) রাজধানীর গুলশানের একটি অভিজাত হোটেলে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানটি আয়োজন করেন রাইট টু পিস নামের একটি সংহঠন। বৈঠকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, তরুণ উদ্যোক্তা, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং গবেষকরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের শুরুতেই সংগঠনের প্রধান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ অধ্যায়ন বিভাগের এসোসিয়েট প্রফেসর ড. সাবের আহম্মেদ চৌধুরী মূল প্রবন্ধ উপস্থাপন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেজর জেনারেল (অব.) আবু নাসের মো. ইলিয়াস, বিশেষ অতিথি হিসেবে ছিলেন কবি কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান ও সুপ্রিম কোর্টের আইনজীবী ড. খন্দকার মার’ফ হোসাইন।
সভায় বক্তারা বলেন, শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার মূল চালিকাশক্তি তরুণ প্রজন্ম। তাদের ইতিবাচক চিন্তা, সৃজনশীলতা এবং সামাজিক দায়বদ্ধতা দেশের অগ্রযাত্রাকে আরও শক্তিশালী করতে পারে। অংশগ্রহণকারীরা জোর দিয়ে বলেন, সহনশীলতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং সুশিক্ষা বিস্তার ছাড়া শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়।
আলোচনায় উঠে আসে তরুণদের নেতৃত্ব বিকাশে প্রয়োজন প্রশিক্ষণ ও দিকনির্দেশনা। সামাজিক যোগাযোগমাধ্যমকে ইতিবাচক কাজে ব্যবহার করা জরুরি। সবার জন্য ন্যায়সংগত সুযোগ ও সমান অধিকার নিশ্চিত করতে হবে। মাদক, সহিংসতা ও বৈষম্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধ উদ্যোগ নিতে হবে।
বৈঠকে বক্তারা সরকারের পাশাপাশি পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোকে তরুণদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। আলোচনায় সকলেই একমত পোষন করেন যে, শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ে তুলতে হলে এখনই পদক্ষেপ নেওয়া জরুরি, এবং সেই পরিবর্তনের অগ্রদূত হবেন দেশের তর‚ণ সমাজ।
