মানিকগঞ্জ শহরের পশ্চিম বান্দুটিয়া এলাকায় একই পরিবারের তিনজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে কবি মহিদুল সড়কের একটি দোতলা বাড়ি থেকে লাশগুলো উদ্ধার করা হয়।
নিহতরা হলেন—মালয়েশিয়া প্রবাসী শাহীন দেওয়ানের স্ত্রী শিখা আক্তার (২৭),আলভী (৭) ও সায়মা আক্তার (২)।
পুলিশ জানায়, লাশের পাশে বিষের ট্যাবলেট (অ্যালুমিনিয়াম ফসফাইট) পাওয়া গেছে। প্রাথমিক ধারণা, শিখা আক্তার দুই সন্তানকে বিষ খাইয়ে নিজেও আত্মহত্যা করেছেন। তবে ঘটনার আসল কারণ তদন্তের আগে নিশ্চিত নয়।
প্রতিবেশীরা জানান, সকালে বিদ্যুৎ বিল দেওয়ার জন্য দরজা নক করলে কোনো সাড়া মেলেনি। পরে বাড়ির মালিক বিষয়টি ৯৯৯-এ জানালে পুলিশ গিয়ে দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে।
প্রবাসী শাহীন দেওয়ানের মামা আমান আনসারী জানান,শাহীন এক মাস আগে মালয়েশিয়া যান। শিখা আক্তার ছিলেন শাহীন আলমের দ্বিতীয় স্ত্রী। মৃত দুই সন্তানের মধ্যে পুত্র আলভী আগের ঘরের সন্তান আর মেয়ে সায়মা এ ঘরের সন্তান। শাহীনের সঙ্গে তাঁর স্ত্রীর দাম্পত্যকলহ চলছিল।
পারিবারিক কলহের কারণে এ ঘটনা ঘটতে পারে বলে স্থানীয়রা ধারণা করছেন।
মানিকগঞ্জ সদর থানার ওসি এস এম আমান উল্লাহ জানান, তিনজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ জানতে তদন্ত চলছে। লাশগুলো ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। একটি মামলা দায়ের করা হয়েছে।

